রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে যুব ফোরাম নেতা নিহত, আহত ২

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে যুব ফোরাম নেতা নিহত, আহত ২

ফন্ট সাইজ:

রাঙ্গামাটির কুতুকছড়িতে নিজেদের মধ্যকার দ্বন্দ্বে প্রাণ গেল এক আঞ্চলিক সংগঠনের নেতার। ঘটনাটি নতুন করে ‘ভ্রাতৃঘাতী সংঘাত’ ইস্যুকে সামনে নিয়ে এসেছে। শুক্রবার সকাল ৬টার দিকে রাঙ্গামাটি সদর উপজেলাধীন কুতুকছড়ি উপরপাড়া এলাকায় সশস্ত্র একদল দুর্বৃত্ত ধর্মসিং চাকমার বাড়িতে গিয়ে তাকে বাইরে ডেকে নেয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি পরিস্থিতি আঁচ করতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন। রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মো. জসিম উদ্দিন একজন নিহতের খবর প্রতিবেদককে নিশ্চিত করেছেন। ধর্মসিং চাকমা ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন।

এদিকে, এলোপাতাড়ি গুলির সময় তার দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা গুলিবিদ্ধ হন। তাদের হাতে গুলি লাগায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার্ড করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান। তবে ধর্মসিং চাকমার মৃত্যুতে পাহাড়ি আঞ্চলিক রাজনীতির ভেতরের বিভক্তি ও সহিংসতার বাস্তবতাকে আবারো সামনে নিয়ে এসেছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে ইউপিডিএফের নেতাকর্মীরা রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে। এতে সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পাহাড়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। স্থানীয়দের মতে, এই ধারাবাহিক ভ্রাতৃঘাতী সহিংসতা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বাড়িয়ে তুলছে এবং স্থিতিশীলতার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন