কুষ্টিয়ায় বাস ধর্মঘট ভোগান্তিতে যাত্রীরা

কুষ্টিয়ায় বাস ধর্মঘট ভোগান্তিতে যাত্রীরা

ফন্ট সাইজ:

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহন শ্রমিকরা। শুক্রবার ভোর ৫টা থেকে জেলার অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়া বাস-মিনিবাস মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সংশ্লিষ্ট রুটের যাত্রীরা। ধর্মঘটে কুষ্টিয়া-মেহেরপুর ও কুষ্টিয়া-প্রাগপুর রুটে একেবারেই বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী, কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জসহ অন্যান্য রুটেও মালিক গ্রুপ ও মালিক সমিতির কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয় শ্রমিক ইউনিয়ন। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল হক বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কুষ্টিয়া-খুলনা-যশোর রুটে বাস-মিনিবাস মালিক গ্রুপের সঙ্গে মোটর শ্রমিক ইউনিয়নের বাসও অন্তর্ভুক্ত রয়েছে।

অথচ শ্রমিকদের কোনো সুযোগ-সুবিধা দেয়া হয় না। তিনি জানান, দু’টি দাবিতে মালিক গ্রুপের সঙ্গে বৈঠক হলেও সমাধান হয়নি। গত ১৫ই এপ্রিলের মধ্যে দাবি মেনে নেয়ার আলটিমেটাম দেয়া হয়েছিল। দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। মালিক সমিতির শ্রমিকরাও এ কর্মসূচির সঙ্গে একমত হয়ে বাস চলাচল বন্ধ রেখেছেন বলে জানান তিনি। অন্যদিকে কুষ্টিয়া জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সকাল সাড়ে ১০টার দিকে বলেন, এক সপ্তাহ আগে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা দু’টি দাবি উত্থাপন করেন। তিনি জানান, প্রথম দাবি হলো পরিবহনসংশ্লিষ্ট মালিকরা যেসব সুযোগ-সুবিধা পান, শ্রমিকদেরও একই সুযোগ-সুবিধা দিতে হবে। দ্বিতীয় দাবি হলো শ্রমিক সংগঠনের নামে একটি বাস কুষ্টিয়া থেকে খুলনা রুটে চলাচলের অনুমোদন দিতে হবে। দাবি পূরণ না হওয়ায় শুক্রবার সকাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানান তিনি। তবে ঢাকাগামী বাস চলাচল করছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন