সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের একটি কয়লা কোয়ারিতে ধসের ঘটনায় মজিবুর রহমান (৩৫) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের আলতু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার বালিয়াঘাট সীমান্তের ৯৬/৭-এস পিলার এলাকা দিয়ে মজিবুরসহ কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে মেঘালয়ের নকলাম এলাকায় প্রবেশ করেন। গত বৃহস্পতিবার দুপুরে তারা কয়লা উত্তোলনের সময় হঠাৎ কোয়ারির ভেতরে উপর থেকে কয়লা ধসে পড়ে। এতে মজিবুর গর্তের ভেতরে আটকা পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পান। এ সময় সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা দ্রুত বের হতে পারলেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে সহকর্মীরা তার মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে স্বজনরা সীমান্তের ভেতর থেকে মরদেহ নিয়ে এসে সন্ধ্যার দিকে লালঘাট গ্রামের শ্বশুর আব্দুল হাসেমের বাড়িতে নিয়ে আসেন। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে তাহিরপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয়দের অভিযোগ, সীমান্তের বালিয়াঘাট এলাকা দিয়ে লাকমা গ্রামের হোসেনসহ কয়েকজন নিজেকে বিজিবি সোর্স পরিচয় দিয়ে কিছু অসাধু চক্রের সহায়তায় নিয়মিত অবৈধভাবে শ্রমিকরা মেঘালয়ে প্রবেশ করে কয়লা উত্তোলনের কাজে যুক্ত হচ্ছেন। জীবনের ঝুঁকি নিয়ে এ সব কাজে অংশ নিতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন তারা। তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান- মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন-অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে কয়লার কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
