কক্সবাজারের টেকনাফে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত তিনজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। গত বৃহস্পতিবার রাতে টেকনাফ সদর ইউনিয়নের করাচি পাড়া এবং হ্নীলা এলাকার গহিন পাহাড়ে বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতরা হলো- কক্সবাজার সদর উপজেলার লিংক রোড দক্ষিণ মুহুরী পাড়া এলাকার জাকির আহাম্মদ, নুর হোসেন এবং আয়াত উল্যাহ। র্যাব সূত্রে জানা গেছে, গত ১০ই এপ্রিল রাজমিস্ত্রির কাজের প্রলোভন দেখিয়ে অজ্ঞাতনামা একদল ব্যক্তি তিনজনকে টেকনাফ বাসস্ট্যান্ড মোড়ে ডেকে আনে। এরপর তাদের সিএনজিযোগে রাজারছড়া এলাকার করাচি পাড়ার গহিন পাহাড়ে নিয়ে জিম্মি করা হয়। পরে অপহরণকারীরা ভিকটিমদের পরিবারের কাছে মোবাইল ফোনের মাধ্যমে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকি দেয়। এই ঘটনায় ভিকটিমদের পরিবার গত ১২ই এপ্রিল কক্সবাজার সদর মডেল থানায় দুটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি র্যাবকে জানানো হলে তারা তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে। র্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান- উদ্ধারকৃতদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।
টেকনাফে মুক্তিপণের উদ্দেশ্যে অপহৃত তিনজন উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
