শিক্ষামন্ত্রী ড. আ. ন. ম এহছানুল হক মিলন বলেছেন- শিক্ষক নিয়োগে যদি কোনো দুর্বলতা থেকে থাকে, আমি প্রত্যেকটি বিষয় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখবো। মাইক্রো লেভেলে দেখবো এবং কোনো শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেয়া যাবে না। যদি বিগত দিনে এমনটি হয়ে থাকে সেটারও ব্যবস্থা আমাদের নিতে হবে। শিক্ষকরা মেধাবী হতেই হবে। এর কোনো বিকল্প নেই। শুক্রবার দুপুরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন- আমরা কথা দিলাম, আমরা তোমাদের সঙ্গে থাকবো, তোমাদের উন্নয়ন করবো। তবে রেজাল্ট বেস্ট। ডেভেলপমেন্ট হবে, রেজাল্ট বেস্ট। রেজাল্ট বাড়তে থাকবে, ডেভেলপমেন্ট বাড়তে থাকবে। তিনি আরও বলেন- এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জনগণের টাকায় লেখাপড়া করে। প্রতি শিক্ষার্থীর পেছনে এই বিশ্ববিদ্যালয় বছরে ৮ লাখ টাকা ব্যয় করে। এ কারণে জনগণের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা রয়েছে। আমি এই প্রজন্মের ছাত্র-ছাত্রীদের বলতে চাই- তোমাদের দিকে তাকিয়ে আছেন তোমাদের অভিভাবকরা। তাই আজ থেকে, যতদিন তোমরা এই বিশ্ববিদ্যালয়ে থাকবে, প্রতিটি মুহূর্ত লেখাপড়া কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, আজকের এই সময়ই তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ গড়ে দেবে। আজকের এই প্রস্তুতিই আগামীর বাংলাদেশকে গঠন করবে। হাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো. এনামুল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াদ চৌধুরী পিনাক, দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির প্রমুখ।
শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেয়া যাবে না: শিক্ষামন্ত্রী
দিনাজপুর প্রতিনিধি
১৮ এপ্রিল (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
