মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের মানদণ্ড: গাকৃবি ভিসি

মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের মানদণ্ড: গাকৃবি ভিসি

ফন্ট সাইজ:

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেছেন, মানবিক মানুষ হয়ে ওঠাই হোক সাফল্যের প্রকৃত মানদণ্ড। কেবল পরীক্ষায় ভালো ফলাফলই জীবনের সাফল্য নির্ধারণ করে না; বরং সততা, ন্যায়পরায়ণতা ও সময়ানুবর্তিতার মতো গুণাবলিই একজন মানুষকে সত্যিকারের বড় করে তোলে। গতকাল বিশ্ববিদ্যালয়ের হাইস্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদের স্বপ্ন দেখার সাহস অর্জন এবং মানবিক মূল্যবোধে আলোকিত হয়ে ভবিষ্যতের পথচলায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে হাইস্কুলের প্রধান শিক্ষক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ আব্বাস উদ্দিনের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আবদুল্লাহ্‌ মৃধা, পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও বিদায়ী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের সম্মানে দশম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া তাবাসসুম তুবা বিদায়ী মানপত্র পাঠ করেন। পরে বিদায়ী ব্যাচের পক্ষ থেকে মারিয়া সুলতানা অনুভূতিময় বক্তব্য তুলে ধরেন, যেখানে তিনি বিদ্যালয়ের স্মৃতি, শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা ও ভবিষ্যৎ প্রত্যাশা ব্যক্ত করেন যা উপস্থিত সবার মাঝে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানের একপর্যায়ে ভাইস-চ্যান্সেলর বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন, যেন তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণার প্রতীক হয়ে থাকে। বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন