মহম্মদপুরে ৬ জুয়াড়ি আটক

ফন্ট সাইজ:

মাগুরা মহম্মদপুর উপজেলার চরচাপাতলা এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জনকে আটক করেছে মহম্মদপুর থানা পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদপুর চরচাপাতলা এলাকায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত জুয়া খেলে আসছে একদল জুয়াড়ি। এমন গোপন সংবাদের ভিত্তিতে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল চরচাপাতলা গ্রামের মোস্তাকের বাড়িতে অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ছয়জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা পাওয়া যায়। আটককৃতরা হলো- কানুটিয়া গ্রামের মৃত নাজমুল মিয়ার ছেলে মো. বাবু মিয়া (৫০), একই গ্রামের দুলাল মল্লিকের ছেলে ইকরামুল মল্লিক (২৫), ময়েন ফকিরের ছেলে কামরুল ফকির (৪২), চরচাপাতলা গ্রামের তৈয়ব আলীর ছেলে আরমান হৃদয় (১৮), জাহাঙ্গীর বিশ্বাসের ছেলে আলহাজ বিশ্বাস (১৮) এবং মাহফুজার মোল্যার ছেলে মো. শাহিনুর মোল্যা (৩৯)। মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে মানবজমিনকে বলেন, আটককৃতদের নিকট জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা পাওয়া গেছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মাদক, জুয়াসহ সামাজিক সকল অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন