ঘরের মাঠ ভিলা পার্কে ইতালিয়ান ক্লাব বোলোনিয়াকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপা লীগের সেমিফাইনাল নিশ্চিত করলো বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের ক্লাব অ্যাস্টন ভিলা। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের বিশাল জয় নিয়ে শেষ চারে এখন তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব নটিংহ্যাম ফরেস্ট।
ফিরতি লেগের এই ম্যাচে সব আলো কেড়ে নেন ভিলার স্ট্রাইকার অলি ওয়াটকিন্স। ম্যাচের শুরুর দিকেই চমৎকার এক দলীয় আক্রমণ থেকে গোল করে ভিলাকে এগিয়ে দেন তিনি। আর এই গোলের মাধ্যমেই ক্লাবের ইতিহাসে অমর হয়ে গেলেন ওয়াটকিন্স। এটি ছিল ভিলার জার্সি গায়ে তার ১০০তম গোল। ১৯৬২ সালে পিটার ম্যাকপারল্যান্ডের পর প্রথম কোনো ভিলা খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। রেকর্ড এখানেই শেষ নয়; ইউরোপীয় প্রতিযোগিতায় এটি ছিল ওয়াটকিন্সের ১০ম গোল। এর মাধ্যমে তিনি পিটার উইথ ও জন ম্যাকগিনকে ছাড়িয়ে ইউরোপে ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসলেন। ২০২০ সালে অভিষেকের পর থেকে গোল করার দিক দিয়ে ওয়াটকিন্সের উপরে আছেন কেবল মোহাম্মদ সালাহ ও আর্লিং হালান্ড। কোপ্পা ইতালিয়া চ্যাম্পিয়ন বোলোনিয়া ম্যাচে আর ঘুরে দাঁড়াতে পারেনি। তাদের কোচ ভিঞ্চেনজো ইতালিয়ানো গত দুই মৌসুমে ফিওরেন্তিনাকে কনফারেন্স লীগের ফাইনালে তুললেও, এমেরির কৌশলের কাছে এবার তিনি পুরোপুরি পরাস্ত। ইনজুরি কাটিয়ে ফিরে অধিনায়ক জন ম্যাকগিন মাঝমাঠের নিয়ন্ত্রণ নিলে বোলোনিয়ার সব আক্রমণ ভেস্তে যায়। রজার্সও তার গোলখরা কাটিয়ে স্কোরশিটে নাম তুলেছেন। পুরো আসরে মাত্র একবার হারের মুখ দেখা ভিলা এখন টুর্নামেন্টের সবচেয়ে বড় দাবিদার।
১৯৮২ সালে ইউরোপীয় কাপ জয়ের পর থেকে মহাদেশীয় আসরে বড় কোনো শিরোপা জেতা হয়নি অ্যাস্টন ভিলার। তবে বর্তমান ফর্ম আর ওয়াটকিন্সের অবিশ্বাস্য ছন্দ স্বপ্ন দেখাচ্ছে ভক্তদের। সেমিফাইনালে অল-ইংলিশ লড়াইয়ে নটিংহ্যাম ফরেস্টকে হারাতে পারলেই ৪৪ বছরের শিরোপা খরা কাটানোর খুব কাছে পৌঁছে যাবে তারা।
