অধিনায়কের সেই ‘রহস্যময়’ ওভার নিয়ে তোলপাড়

আইসিসির তদন্তের জালে কানাডা

অধিনায়কের সেই ‘রহস্যময়’ ওভার নিয়ে তোলপাড়

ফন্ট সাইজ:

ক্রিকেট বিশ্বে দুর্নীতির কালো মেঘ এবার আছড়ে পড়লো কানাডায়। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ নিয়ে তদন্তে নেমেছে আইসিসির দুর্নীতি দমন ইউনিট (আকসু)। তদন্তের মূল কেন্দ্রে রয়েছে তৎকালীন অধিনায়ক দিলপ্রীত বাজওয়ার একটি ‘রহস্যময়’ ওভার।

কানাডার সরকারি গণমাধ্যম সিবিসি-তে প্রচারিত ‘করাপশন, ক্রাইম অ্যান্ড ক্রিকেট’ শীর্ষক এক তথ্যচিত্রে এই বিস্ফোরক তথ্য ফাঁস করা হয়েছে। বিশ্বকাপের ওই ম্যাচে চতুর্থ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ৩৫ রান। এর আগের ওভারেই স্পিনার সাদ বিন জাফর ‘মেডেন’ নিয়ে কিউইদের চাপে রেখেছিলেন। কিন্তু পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই খেই হারিয়ে ফেলেন অধিনায়ক বাজওয়া। প্রথম বলটি ‘নো’ করার পর একটি ‘ওয়াইড’সহ ওই ওভারে তিনি দেন ১৫ রান। একজন পার্ট-টাইম অফ স্পিনারের এমন ছন্নছাড়া বোলিং নিয়েই এখন চুলচেরা বিশ্লেষণ করছে আইসিসি।

তদন্তের জাল বিস্তৃত হয়েছে বোর্ডের প্রশাসনিক স্তরেও। দল নির্বাচনে কর্মকর্তাদের অনৈতিক হস্তক্ষেপ নিয়ে সাবেক কোচ পুবুদু দাসানায়েকে বলেন, ‘নির্দিষ্ট কিছু খেলোয়াড়কে দলে নিতে আমার ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। রাজি না হওয়ায় আমার চুক্তি বাতিল করার হুমকি দেয়া হয়।’

আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের অন্তর্বর্তীকালীন জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু ইফ্রাভ বলেন, ‘সিবিসিতে প্রচারিত অনুষ্ঠানটি সম্পর্কে আকসু অবগত। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী এ মুহূর্তে মন্তব্য করার সুযোগ নেই। স্বচ্ছতা বিঘ্নিত হওয়ার মতো কোনো বিশ্বাসযোগ্য ভিত্তি পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন