বাংলাদেশের এখনকার গরম কন্ডিশন নিয়ে চিন্তায় ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম। ঢাকার কাঠফাটা রোদ আর দিনের আলোয় মানিয়ে নেয়াকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। সাধারণত বাংলাদেশে দিবারাত্রির ওয়ানডে ম্যাচ হলেও এবার বিদ্যুৎ বাঁচাতে টাইগারদের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজের সময় পরিবর্তন করা হয়েছে। সিরিজের তিন ওয়ানডে ম্যাচই শুরু হবে বেলা ১১টায়। এ প্রসঙ্গে গতকাল ল্যাথাম বলেন, ‘আমাদের নিউজিল্যান্ডের তুলনায় কন্ডিশন এখানে একদম ভিন্ন। দিনের ম্যাচে আমাদের মানিয়ে নিতে হবে এবং পরিস্থিতি বুঝে খেলতে হবে। কাল (আজ) হয়তো পানি পানের স্বাভাবিকের চেয়ে বেশি বিরতির প্রয়োজন হতে পারে। সতেজ থাকা এবং পুরো ১০০ ওভার লড়াই করতে শরীরকে প্রস্তুত রাখাটাই এখন বড় ফ্যাক্টর।’
বাংলাদেশে আসার আগে স্পিন নিয়ে আলাদা পরিকল্পনা করতো কিউইরা। এখন স্পিনের পাশাপাশি টাইগারদের পেস অ্যাটাক নিয়েও ভাবছে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নাহিদ রানা দুর্দান্ত বোলিং করেন। চাপাইনবাবগঞ্জ থেকে উঠে আসা এ তরুণ ফাস্ট বোলার ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে হন সিরিজসেরা। পাকিস্তান সুপার লীগেও (পিএসএল) গতির ঝড় তোলেন নাহিদ। পেশোয়ার জালমির জার্সিতে ৪ ম্যাচে ৫.৪২ ইকোনমিতে নেন ৭ উইকেট। সেরা, ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট। পাশাপাশি মোস্তাফিজুর রহমান , শরীফুল ইসলাম ও তাসকিন আহমেদ ছন্দে রয়েছেন। ল্যাথাম বলেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ এখন বেশ অভিজ্ঞ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানারা গত কয়েক বছরে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। বিশেষ করে রানা গত কয়েক মৌসুমে যেভাবে বল করছে, তা নজরকাড়া। আমরা তাদের নিয়ে আলাদাভাবে প্রস্তুতি নিয়েছি।’
কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জ থাকলেও সিরিজ জেতার লক্ষ্য নিয়ে মাঠে নামবে নিউজিল্যান্ড। তবে বাংলাদেশের ঘরের মাঠে কাজটা যে সহজ হবে না সেটাও জানেন দলটির অধিনায়ক। ল্যাথাম বলেন, ‘সিরিজ জয়ই আমাদের প্রধান লক্ষ্য। আমরা এখানে জেতার জন্যই এসেছি। দলের প্রত্যেকের প্রধান লক্ষ্য এটাই। তবে সেই পর্যন্ত পৌঁছাতে আমাদের অনেক কাজ করতে হবে। প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং উন্নতি করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমাদের দলে এমন কিছু খেলোয়াড় আছে যাদের এই কন্ডিশনে অভিজ্ঞতা কিছুটা কম। তবে তারা যত বেশি বাংলাদেশের মতো জায়গায় খেলার সুযোগ পাবে, তা আমাদের জন্যই ভালো হবে। নিজেদের কন্ডিশনে বাংলাদেশ মানসম্পন্ন দল। পাকিস্তানের বিপক্ষে তাদের সিরিজ জয়ই বলে দিচ্ছে তারা কতটা শক্তিশালী।’
ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিপক্ষে ল্যাথামের রেকর্ড ঈর্ষণীয়, ৭ ওয়ানডেতে দুই সেঞ্চুরি ও ৫ ফিফটি । বাংলাদেশের বিপক্ষে ভালো খেলার রহস্য কী! কিউই অধিনায়ক বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নই। তবে আমি সবসময় নিজের প্রস্তুতিতে অটল থাকি।’ বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লীগ খেলায় এই সিরিজে ওয়ানডে দলের নিয়মিত অনেক তারকাকে পাচ্ছে না নিউজিল্যান্ড। একে ইতিবাচক হিসেবে দেখছেন ল্যাথাম। তার মতে, আইপিএল বা পিএসএলের ব্যস্ততা নিউজিল্যান্ড ক্রিকেটের ‘বেঞ্চে স্ট্রেংথ’ বা গভীরতা বাড়ানোর সুযোগ করে দিচ্ছে। ল্যাথাম বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে এখন অনেক লীগ চলছে, এটাই বর্তমান ক্রিকেটের বাস্তবতা। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গেই এখন অনেক লীগের সময়সূচি মিলে যায়। এটি আমাদের দলের অন্যদের জন্য দরজা খুলে দিচ্ছে এবং সবাই নিজের সামর্থ্য প্রমাণের জন্য মুখিয়ে আছে।’
বাংলাদেশের পেস অ্যাটাক নিয়েও চিন্তায় নিউজিল্যান্ড অধিনায়ক
স্পোর্টস রিপোর্টার
১৭ এপ্রিল (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
