শীর্ষস্থান মজবুত করার মিশনে কিংস

বাংলাদেশ ফুটবল লীগ

শীর্ষস্থান মজবুত করার মিশনে কিংস

ফন্ট সাইজ:

বাংলাদেশ ফুটবল লীগের এবারের মৌসুমে শিরোপার দৌড় থেকে অনেকটা ছিটকে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কাগজে-কলমে টিকে থাকলেও বাস্তবে সাদা-কালোদের শিরোপার রেসে ফেরা কঠিন। মোটামুৃটি একটা অবস্থান নিশ্চিত করাই এখন চ্যালেঞ্জ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। মোহামেডান পথ হারালেও শিরোপা লড়াই এবার ত্রিমুখী। ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের সঙ্গে লড়াইয়ে আছে ফর্টিস এফসি ও আবাহনী লিমিটেড। লীগের ত্রয়োদশ রাউন্ডে আজ তিন দলই আলাদা ম্যাচে মাঠে নামছে। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশের প্রতিদ্বন্দ্বিতা করবে আবাহনী লিমিটেড। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ মত্ত স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়াংম্যান্স ক্লাব। কিংস অ্যারেনায় ফর্টিস এফসি খেলবে আরামবাগ ক্রীড়া চক্রের বিপক্ষে। সবগুলো ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে তিনটায়।
লীগের দ্বাদশ রাউন্ড শেষে সবার ওপরে বসুন্ধরা কিংস। আজ রহমতগঞ্জকে হারালে দলটির শীর্ষস্থান পোক্ত হওয়ার পাশাপাশি শিরোপা জয়ের দৌড়ে আরো একধাপ এগুবে কিংস। তবে হেরে গেলে বিপদ। ফর্টিস যদি আরামবাগকে বড় ব্যবধানে হারায়, সেক্ষেত্রে কিংসকে হারাতে হবে শীর্ষস্থান। লীগে নিজেদের শেষ পাঁচ ম্যাচের একটিতেও হারেনি কিংস। জয় চার, ড্র এক করেছে এক ম্যাচ। অন্যদিকে উত্থান-পতনের মধ্য দিয়ে রহমতগঞ্জের চাওয়া জয়ের ধারা বজায় রাখা। লীগে নিজেদের শেষ পাঁচ ম্যাচে ২ জয়, ২ হার ও ১ ড্র করেছে পুরান ঢাকার দলটি। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তালিকার চারে রয়েছে রহমতগঞ্জ।
লীগে নিজেদের সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে ২-১ গোলে হারায় আবাহনী। ওই জয়ে শিরোপার লড়াই জমিয়ে তোলে আকাশী-নীলরা। আজ পুলিশকে হারিয়ে দুইয়ে উঠার সুযোগ আবাহনীর। সেক্ষেত্রে ফর্টিসকে পয়েন্ট হারাতে হবে। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে রয়েছে পুলিশ। লীগে বড় দলগুলোর মধ্যে ব্যাকফুটে মোহামেডান। ১২ ম্যাচে মাত্র ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে ঐতিহ্যবাহী দলটি। সবশেষ আবাহনীর কাছে হারের পর ক্লাবটির হেড কোচ আলফাজ আহমেদকে বরখাস্ত করে মোহামেডান ক্লাব কর্তৃপক্ষ। এই দুরবস্থার মধ্যে আজ ফকিরেরপুল ইয়ং ম্যান্স ক্লাবের বিপক্ষে মাঠে নামবে সাদা-কালোরা। রেলিগেশন জোন থেকে নিরাপদ দূরত্বে থাকতে জয়ের বিকল্প নেই মোহামেডানের।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন