এশিয়ান বিচ গেমস খেলতে দেশ ছাড়লো পুরুষ ও নারী কাবাডি দল

ফন্ট সাইজ:

দশ বছর পর আবারো বালুচরে ফিরছে এশিয়ান বিচ গেমস। চীনের হাইনান প্রদেশের সানিয়া শহরে আগামী ২২শে এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আসরে অংশ নিতে দেশ ছেড়েছে বাংলাদেশ পুরুষ ও নারী কাবাডি দল। দেশ ছাড়ার আগে খেলোয়াড়রা বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কাবাডি ফেডারেশনের সভাপতি আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে খেলোয়াড়দের মনোবল বৃদ্ধিতে উৎসাহ প্রদান করে আইজিপি আলী হোসেন ফকির বলেন, ‘বিদেশের মাটিতে দেশের সম্মান বজায় রেখে নিজেদের সেরাটা খেলতে হবে। তোমাদের পারফরম্যান্স যেন বিদেশের মাটিতে বাংলাদেশের লাল-সবুজ পতাকার মর্যাদা আরও বৃদ্ধি করে।’ এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক ডিআইজি ইসরাইল হাওলাদারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিচ কাবাডিতে এবার পুরুষ বিভাগে ৮টি দল অংশ নিচ্ছে।
ড্র অনুযায়ী বাংলাদেশ পড়েছে ‘পুল-এ’ তে, যেখানে তাদের মোকাবিলা করতে হবে এশীয় কাবাডির দুই পরাশক্তি পাকিস্তান ও ইরান এবং সিরিয়ার বিপক্ষে। অন্যদিকে ‘পুল-বি’ তে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও শ্রীলঙ্কা। নারী কাবাডিতে অংশ নিচ্ছে ৭ দল। বাংলাদেশ খেলবে ‘পুল-বি’ তে। সেমিফাইনালের ওঠার লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষ থাইল্যান্ড, চাইনিজ তাইপে ও নেপাল। এই বিভাগের ‘পুল-এ’ তে রয়েছে ভারত, শ্রীলঙ্কা ও সিরিয়া।
বিচ কাবাডিতে বাংলাদেশের রেকর্ড বেশ সমৃদ্ধ। ২০০৮ সালে বালিতে অনুষ্ঠিত প্রথম আসরে পুরুষ দল এবং ২০১০ ও ২০১২ আসরে নারী দল ব্রোঞ্জ পদক জিতেছিল। সানিয়া শহরে আয়োজিত এই মেগা ইভেন্টে ১৪টি খেলার অধীনে মোট ১৫টি ডিসিপ্লিনে ৬৩টি ইভেন্ট অনুষ্ঠিত হবে।
এশিয়ান বিচ গেমস কাবাডিতে কখনোই স্বর্ণ জেতা হয়নি বাংলাদেশের। আগের পাঁচ আসরে অংশ নিয়ে ৩ ব্রোঞ্জ পদক পেয়েছে লাল-সবুজ প্রতিনিধিরা। এ আসরে ৭ স্বর্ণপদক সহ সর্বোচ্চ ১০ পদক জিতেছে ভারত।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন