চলতি সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ব্যস্ততার দিক দিয়েও বেশ এগিয়ে তিনি। একের পর এক সিনেমার কাজ করছেন। তবে এর মধ্যেই তার দ্বিতীয়বারের মতো মা হওয়ার গুঞ্জন ওঠে। তবে তার বিপরীতে এ বিষয়ে খোলামেলাভাবে কিছুই জানাননি তিনি। শুধু বলেছেন, অনেকে না জেনেই গুঞ্জন রটাতে পছন্দ করেন। এই গুঞ্জনের মাঝেই গত ঈদে মুক্তি পায় তার অভিনীত ছবি ‘প্রেশার কুকার’। রায়হান রাফী পরিচালিত ছবিটির প্রচারণায় তাকে তেমন না দেখা গেলেও তার অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এদিকে, সিনেমার বাইরেও ঈদে তুমুল জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়েও আলোচনায় আসেন তিনি।
প্রথমবারের মতো নায়িকা থেকে গায়িকায় আবির্ভূত হন তিনি। ‘এই তুমি সেই তুমি’- শীর্ষক এ গান তিনি গেয়েছেন ও পারফর্ম করেছেন জনপ্রিয় গায়ক ইমরানের সঙ্গে। প্রথমবার গান গেয়ে ভালোই প্রশংসিত হন তিনি। এদিকে, বুবলী এখন তার দুই সিনেমার অপেক্ষায় রয়েছেন। এর মধ্যে ‘পিনিক’র কাজ আগেই শেষ করেছেন তিনি। এতে তার নায়ক আদর আজাদ। অন্যদিকে, সজলের সঙ্গে ‘শাপলা শালুক’ নামের সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এ ছবিটিও এ বছরই মুক্তির কথা। বুবলী বলেন, দু’টি ছবির গল্পই খুব চমৎকার। কাজ করে আনন্দ পেয়েছি। আমার বিশ্বাস, ছবি দু’টির অপেক্ষায় আমি যেমন আছি, তেমনি দর্শকরাও আছেন। জানা গেছে, ‘পিনিক’ ছবিটি আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে।
