আইনি পথে শিল্পী সমিতি

আইনি পথে শিল্পী সমিতি

ফন্ট সাইজ:

গ্ল্যামার জগতের তারকাদের ঘিরে ভক্তদের আগ্রহ সব সময় বেশি। তবে এই আগ্রহকে পুঁজি করে একটি অসাধু চক্র সামাজিক মাধ্যমে মিথ্যা, বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ কনটেন্ট ছড়িয়ে দিচ্ছে। তারকাদের ব্যক্তিজীবন, রাজনৈতিক অবস্থান কিংবা ব্যক্তিত্ব নিয়ে মনগড়া গল্প তৈরি করে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বিকৃত ছবি ও ভুয়া বক্তব্যও ছড়ানো হচ্ছে পরিকল্পিতভাবে।

এই অপপ্রচারের শিকার হয়েছেন দেশের জনপ্রিয় অনেক তারকা। কখনো তাদের মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে, আবার কখনো তাদের নামে ভুয়া রাজনৈতিক বক্তব্য প্রচার করা হচ্ছে। বিষয়টি গুরুত্বসহকারে দেখছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সমিতির সভাপতি মিশা সওদাগর জানিয়েছেন, শিল্পীদের সম্মান রক্ষায় এসব মিথ্যা ও কুরুচিপূর্ণ কনটেন্টের বিরুদ্ধে দ্রুতই কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।

তিনিও একাধিকবার গুজবের শিকার হয়েছেন বলে জানান। সম্প্রতি তাকে জড়িয়ে একটি ভুয়া রাজনৈতিক ফটোকার্ড সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক ব্যক্তি নই এবং এমন বক্তব্য দেয়ার প্রশ্নই ওঠে না। তার অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে শিল্পীদের বিব্রত করতে এসব অপপ্রচার চালাচ্ছে। ইতিমধ্যে অনেক শিল্পী কিছু ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। এসব কনটেন্ট নির্মাতার বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন