বলিউড অভিনেত্রী ডেইজি শাহকে দীর্ঘদিন ধরেই বড় পর্দায় দেখা যাচ্ছে না। ক্যারিয়ারের শুরুতে সালমান খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকের নজরে আসেন। সেই থেকেই অনেকের ধারণা ‘ভাইজান’র সহায়তায়ই বলিউডে জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী। অবশেষে এ ধরনের সমালোচনার জবাব দিলেন ডেইজি। তিনি বলেন, সমাজে এখনো এমন মানসিকতা বিদ্যমান যে, কোনো নারী বড় কিছু অর্জন করলে তার পেছনে অবশ্যই কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে বলে ধরে নেয়া হয়। তবে ইন্ডাস্ট্রিতে সহকর্মীদের পারস্পরিক সহযোগিতা স্বাভাবিক বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, কেউ সাহায্য করলেই তার পুরো সাফল্যকে ছোট করে দেখা উচিত নয়। তিনি আরও জানান, এখন আর এসব মন্তব্য তাকে কষ্ট দেয় না।
বরং সময়ের সঙ্গে সঙ্গে এগুলোকে স্বাভাবিকভাবে নিতে শিখেছেন। তিনি বলেন, ধরে নিলেও যদি সালমান খান আমাকে সাহায্য করে থাকেন, তাতেও কারও কিছু বলার নেই। নিজের প্রথম চলচ্চিত্র ‘জয় হো’ নিয়েও কথা বলেন ডেইজি। তার দাবি, ছবিটি মুক্তির সময় দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রচারণায় প্রভাব পড়ে। অনেকেই ভুল ভেবেছিলেন যে, ছবিটির সঙ্গে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা রয়েছে; যা সত্য নয়। পাশাপাশি কিছু ক্ষেত্রে ‘পেইড পিআর’র মাধ্যমে ছবিটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। অভিনয় জীবনের শুরুতে নিজের চেহারা নিয়েও সমালোচনার মুখে পড়তে হয়েছিল বলে জানান এই অভিনেত্রী। তবে বর্তমানে তিনি এসব বিষয় উপেক্ষা করে নিজের কাজে মনোযোগী। দৃঢ় মনোবল নিয়ে সামনের পথে এগিয়ে চলছেন।
