কোন প্রলোভনে পড়ে উদ্দেশ্যমূলকভাবে ফাইল আদালতে না নিয়ে রাষ্ট্রের ক্ষতি করার অভিযোগে সুপ্রীম কোর্টের অফিস সহায়ক ইমরান হোসেনের শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার অ্যাটর্নি-জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসির উদ্দিন এ অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে বলা হয়, অত্র অফিসের অফিস সহায়ক মোঃ ইমরান হোসেন বিজয়-৭১ বিল্ডিংয়ের কোট নং- ০১-এ দায়িত্বপ্রাপ্ত সরকারী আইন কর্মকর্তাদের সহযোগিতার জন্য নিয়োজিত আছেন। রিট পিটিশন নাম্বার:৪৩৫২/২০২৬ নং-মামলাটি অ্যাটর্নি-জেনারেল অফিসে গত ১৩শে এপ্রিল রিসিভ হয় এবং ১৫ই এপ্রিল দৈনিক কার্যতালিকায় ২৩০ নং ক্রমিকে মামলাটি লিস্টে আসে। কিন্তু অফিস সহায়ক মোঃ ইমরান হোসেন রিট পিটিশন নাম্বার:৪৩৫২/২০২৬ নং- মামলাটি বিজয় ৭১ বিল্ডিংয়ের কোর্ট নং- ০১-এ না নিয়ে অদ্য ১৬ই এপ্রিলে নিয়ে যান।
অথচ গতকাল ফাইল ছাড়াই রাষ্ট্রের বিরুদ্ধে আদেশ হয়েছে। ফাইল সরবরাহ না করায় কর্তব্যরত ডিএজি সরকারি বক্তব্য উপস্থাপন করতে সক্ষম হননি। এ বিষয়ে উক্ত কোর্টে দায়িত্বরত আইন কর্মকর্তাগণ ভীষণ মনক্ষুন্ন হন এবং তার বিরুদ্ধে মাননীয় অ্যাটর্নি-জেনারেল মহোদয়ের নিকট লিখিত অভিযোগ করেন। উক্ত রিট পিটিশনটি জনগুরুত্বপূর্ণ, অত্যন্ত সংবেদনশীল ও রাষ্ট্রের স্বার্থ সম্পর্কিত। বিষয়টি তৎক্ষনাত প্রশাসনিক কর্মকর্তার দৃষ্টিতে এনে অ্যাটর্নি-জেনারেল মহোদয় প্রাথমিক অনুসন্ধানের নির্দেশ দেন।
আবেদনে আরও উল্লেখ করা হয় যে, প্রশাসনিক কর্মকর্তা ফাইল রিসিভকারী জনাব মোঃ মনিরুজ্জামান সরকার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক উক্ত কোর্টে দায়িত্ব পালনকারী অপর অফিস সহায়ক সম্রাট বাবর এবং নিয়োজিত ডিএজি জনাব খন্দকার বাহার রুমি (কে.বি. রুমি) সঙ্গে আলাপ করার পর অভিযুক্ত অফিস সহায়ক মোঃ ইমরান হোসেন এর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে ফাইল আদালতে না নিয়ে রাষ্ট্রের ক্ষতি করার লক্ষ্যে কোন প্রলোভনে পড়ে একাজ করেছেন বলে প্রতীয়মান হয়। অভিযুক্ত ব্যক্তি কোন সংঘবদ্ধ দলের সদস্য হতে পারেন যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ক্ষতি করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করে থাকতে পারেন। অভিযুক্ত মোঃ ইমরান হোসেন এর এহেন কার্যক্রম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ এর পরিপন্থি ও গুরুতর অসদাচরণ। এছাড়া এই কাজে অন্য কোন ব্যক্তি ও সঙ্গবদ্ধ গ্রুপ জড়িত আছেন কিনা তা নিশ্চিত করার জন্য অভিযুক্তের বিরুদ্ধে থানায় নিয়মিত ফৌজদারী মামলা দায়েরের অনুরোধ জানাচ্ছি।
