পাকিস্তান সিরিজে ভালো উইকেটে খেলে বড় সাফল্য পাওয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই ‘স্পোর্টিং’ ধারাই বজায় রাখতে চায় টাইগাররা। আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ১১টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে ভাবনা জানালেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। কিউইদের বিপক্ষে সিরিজে ভালো উইকেটে খেলার প্রত্যাশা তার।
গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। সেই সিরিজে ব্যাটে-বলে ছিল দারুণ লড়াই। প্রথম ম্যাচে পাকিস্তান ১১৪ রানে অলআউট হলেও উইকেট ছিল ভালো। পরের ম্যাচে বাংলাদেশও সমান রানে গুটিয়ে যায়। তবে সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ২৯০ রান করে পাকিস্তানকে ২৭৯ রানে থামিয়ে সিরিজ জিতে নেয় লাল-সবুজরা। সেই আত্মবিশ্বাস থেকেই এবারো একই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে মিরাজ বলেন,‘পাকিস্তান সিরিজে আমরা খুব ভালো উইকেটে ক্রিকেট খেলেছি। আমরা চেষ্টা করবো এই সিরিজটাও ভালো উইকেটে খেলার জন্য। সব কিছু মূলত আপনার পারফরম্যান্সের ওপর। আমরা ট্রু উইকেটে কিন্তু দেখেন (পাকিস্তানের বিপক্ষে) দ্বিতীয় ম্যাচে দ্রুত অলআউট হয়ে গেছি। তবে উইকেট তো ট্রু ছিল। পাকিস্তান প্রথম ম্যাচে ১১৪ রানে অলআউট হয়ে গেছে, তবে উইকেট ট্রু ছিল।’ মিরাজ মনে করেন, উইকেটের চেয়েও এখন বেশি গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের মানসিকতা। তিনি বলেন, ‘ক্রিকেটাররা যদি সবাই পারফর্ম করতে পারে... উইকেটটা অনেক সময় মানিয়ে নিয়ে খেলতে হয়। তো আমার কাছে মনে হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ মেন্টালিটির ওপরে যে কে কীভাবে অনুশীলন করছে।’
