বার্সেলোনা ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ

বার্সেলোনা ওপেন থেকে ছিটকে গেলেন আলকারাজ

ফন্ট সাইজ:

চোটের থাবায় আরেকবার বিপর্যস্ত কার্লোস আলকারাজ। ডান হাতের কবজির চোটের কারণে চলতি বার্সেলোনা ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন এ স্প্যানিশ তারকা। ফলে ঘরের মাঠে শিরোপা পুনরুদ্ধারের অভিযান অসমাপ্ত রেখেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো এটিপি র্যা ঙ্কিংয়ের দ্বিতীয় বাছাইকে।
ফিনল্যান্ডের ওত্তো ভিরতানেনের বিপক্ষে গত মঙ্গলবার সরাসরি সেটের (৬-৪, ৬-৪) জয়ে টুর্নামেন্ট শুরু করেন ২২ বছর বয়সী আলকারাজ। তবে সেই ম্যাচ চলাকালীন একটি রিটার্ন শট নেয়ার সময় কবজিতে অস্বস্তি অনুভব করেন তিনি। আজ দ্বিতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের টমাস মাচাকের মুখোমুখি হওয়ার কথা ছিল আলকারাজের। তবে ডাক্তারি পরীক্ষার পর দেখা গেছে, চোটটি প্রাথমিকভাবে যেমন ভাবা হয়েছিল, তার চেয়েও অনেক বেশি গুরুতর। এ বিষয়ে এক বিবৃতিতে স্প্যানিশ তারকা বলেন, ‘ম্যাচের সময় একটি রিটার্নের সময় মনে হলো কবজিটি মচকে গেল। পরীক্ষার পর দেখা গেছে চোটটি বেশ গুরুতর। ভবিষ্যতের কথা ভেবে আমাকে শরীরের কথা শুনতেই হচ্ছে।’ এর আগে চলতি সপ্তাহের শুরুতেই ইতালির ইয়ানিক সিনারের কাছে এটিপি র্যা ঙ্কিংয়ের শীর্ষস্থান হারান আলকারাজ। মন্টে কার্লো মাস্টার্সের ফাইনাল খেলার স্রেফ ৪৮ ঘণ্টার ব্যবধানে ঘরের মাঠে কোর্টে নামেন তিনি। সেটিই কাল হয়ে দাঁড়ায় এ স্প্যানিয়ার্ডের জন্য।
বার্সেলোনা ওপেনের দুইবারের চ্যাম্পিয়ন আলকারাজ গত বছর এখানে রানারআপ হন। তিন মৌসুমের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার চোটের কারণে বার্সেলোনা থেকে ছিটকে গেলেন তিনি। এখন তার মূল লক্ষ্য আগামী ১৮ই মে থেকে শুরু হতে যাওয়া ফ্রেঞ্চ ওপেনের আগে পুরোপুরি ফিট হয়ে ওঠা। আলকারাজ বলেন, ‘আমাকে দ্রুত বাড়ি ফিরতে হবে যাতে ডাক্তার এবং ফিজিওথেরাপিস্টদের সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব সেরে ওঠার প্রক্রিয়া শুরু করতে পারি। এবং সামনে যে টুর্নামেন্টগুলো আসছে, সেগুলোর জন্য যথাসম্ভব দ্রুত নিজেকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করতে হবে।’

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন