জ্যামাইকা কিংসমেনের অন্তর্ভুক্তিতে নতুন রূপে ফিরছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ (সিপিএল)। আগামী ৭ই আগস্ট পর্দা উঠবে ২০২৬ মৌসুমের, যা চলবে ২০শে সেপ্টেম্বর পর্যন্ত। এবারের আসরের সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হয়েছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনসের ঐতিহাসিক আর্নোস ভেল স্টেডিয়াম। এবারই প্রথম সিপিএলের কোনো ম্যাচ আয়োজন করতে যাচ্ছে ভেন্যুটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিএল কর্তৃপক্ষ জানায়, এবারের আসরটি অনুষ্ঠিত হবে মোট আটটি দেশে, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ দেশীয় ভেন্যু ব্যবহারের রেকর্ড। দেশগুলো হলো অ্যান্টিগা ও বারবুডা, বার্বাডোস, গায়ানা, জ্যামাইকা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ ও টোবাগো। সিপিএলের প্রধান নির্বাহী পিট রাসেল বলেন, ‘নতুন সীমানায় খেলা সম্প্রসারণ আমাদের অন্যতম লক্ষ্য। আর্নোস ভেলের ক্রিকেট ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ এবং এখানকার দর্শকদের উন্মাদনা টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করবে।’ ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজিত হয় এই আর্নোস ভেলে। এবার সিপিএলে এখানে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ, যেখানে অংশ নেবে পাঁচটি ভিন্ন দল। স্পিন সহায়ক উইকেটের জন্য পরিচিত এই মাঠে গত বিশ্বকাপে বোলারদের দাপট দেখা যায়। এবারের আসরে ফিরছে জ্যামাইকান ফ্র্যাঞ্চাইজি। জ্যামাইকা কিংসমেনের অন্তর্ভুক্তিতে প্রথমবারের মতো ৭টি দল নিয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট।
আসন্ন সিপিএলের সূচি ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’-এর সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় বড় ধাক্কা খেতে পারে এমআই লন্ডন। টুর্নামেন্টের শেষ দিকে নিকোলাস পুরান এবং শেরফান রাদারফোর্ডকে না পাওয়ার সম্ভাবনা রয়েছে লন্ডনের দলটির।
পুরো টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে চূড়ান্ত হয়েছে নকআউট পর্বের দিনক্ষণ। আগামী ১৬ থেকে ২০শে সেপ্টেম্বরের মধ্যে এলিমিনেটর, দু’টি কোয়ালিফায়ার এবং ফাইনালসহ মোট চারটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোসের কেনসিংটন ওভালে।
৭ আগস্ট পর্দা উঠছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
১৬ এপ্রিল (বৃহস্পতিবার), ২০২৬, ২ঃ২৬ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
