মেসি ও আর্জেন্টিনা বোর্ডের বিরুদ্ধে মামলা

মেসি ও আর্জেন্টিনা বোর্ডের বিরুদ্ধে মামলা

ফন্ট সাইজ:

আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে (এএফএ)। গত বছর একটি প্রীতি ম্যাচে অংশ না নেয়ায় প্রতারণা ও চুক্তিভঙ্গের অভিযোগে মেসি এবং এএফএর বিরুদ্ধে মামলা ঠুকেছে যুক্তরাষ্ট্রের মায়ামিভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ।

মায়ামি-ডেড সার্কিট কোর্টে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের অক্টোবরে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে আয়োজিত দুটি প্রীতি ম্যাচের বাণিজ্যিক সত্ত্ব ক্রয় করে ভিআইডি। চুক্তির অন্যতম শর্ত ছিল, মেসি চোটাক্রান্ত না থাকলে প্রতিটি ম্যাচে অন্তত ৩০ মিনিট করে তিনি খেলবেন। তবে ১০ই অক্টোবর হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাঠে না নেমে ভিআইপি বক্সে বসে খেলা দেখেন। নাটকীয়তা মোড় নেয় ঠিক পরের দিনই। জাতীয় দলের হয়ে ‘ক্লান্ত’ থাকা মেসি ইন্টার মায়ামির জার্সি গায়ে আটলান্টার বিপক্ষে মাঠে নামেন এবং জোড়া গোলও করেন। আয়োজকদের দাবি, প্লে-অফের টিকিট নিশ্চিত করতেই মেসি পরিকল্পিতভাবে জাতীয় দলের ম্যাচটি এড়িয়ে গেছেন। ফলে টিকিট ও সম্প্রচার স্বত্ব থেকে তাদের কয়েক মিলিয়ন ডলারের লোকসান হয়েছে।

অবশ্য পুয়ের্তো রিকোর বিরুদ্ধে মেসি মাঠে নামেন। তবে এ ম্যাচটি শিকাগোতে হওয়ার কথা থাকলেও সেখানে অভিবাসন দপ্তরের কড়াকড়ি ও গণ-গ্রেপ্তারের ভয়ে টিকিট বিক্রি তলানিতে গিয়ে ঠেকে। যেই সোলজার স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল তার ধারণক্ষমতা ৬১,৫০০। পরে ম্যাচটি ফ্লোরিডায় কেবল ২১,৫০০ ধারণক্ষমতাসম্পন্ন চেজ স্টেডিয়ামে সরিয়ে নিয়ে টিকিটের দাম ২৫ ডলারে নামিয়েও গ্যালারি পূর্ণ করা যায়নি। এই ব্যর্থতার জন্য এএফএ রাজনৈতিক পরিস্থিতিকে দায়ী করলেও আয়োজক সংস্থা মেসি ও আর্জেন্টাইন বোর্ডের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছে।

এ বিষয়ে মেসি অথবা আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন