আলিয়াঞ্জ অ্যারেনায় আরেকটি অবিশ্বাস্য রাতের সাক্ষী হয়ে থাকলো ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে রিয়াল মাদ্রিদকে ৪–৩ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল বায়ার্ন মিউনিখ। দুই লেগ মিলিয়ে ৬–৪ ব্যবধানে জয়ে অল হোয়াইটদের বিদায় জানালো জার্মান জায়ান্টরা।
ম্যাচের শুরুতেই দেখা যায় নাটকীয় দৃশ্য। স্রেফ ৩৫ সেকেন্ডের মাথায় গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ভুলে দূরপাল্লার শটে রিয়ালকে এগিয়ে দেন আর্দা গুলের। এটি চ্যাম্পিয়নস লীগ ইতিহাসে রিয়ালের দ্রুততম গোল। তবে মিনিট পাঁচেকের মধ্যেই বায়ার্নকে সমতায় ফেরান আলেকসান্দার পাভলোভিচ। ২৯তম মিনিটে গুলেরের জাদুকরী ফ্রি-কিকে আবারও ব্যবধান বাড়ায় রিয়াল। ৩৮তম মিনিটে হ্যারি কেইনের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। কিলিয়ান এমবাপ্পের গোলে লিড নিয়ে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘোরে ৮৬তম মিনিটে। কামাভিঙ্গা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা। সুযোগ কাজে লাগিয়ে ৮৯তম মিনিটে লুইস দিয়াজের গোলে সমতায় (৩-৩) ফিরে দুই লেগ মিলিয়ে এগিয়ে যায় বায়ার্ন। যোগ করা সময়ে মাইকেল ওলিসের গোলে উৎসবে মাতে জার্মান জায়ান্টরা। ম্যাচের একদম শেষ দিকে লাল কার্ড দেখেন রিয়ালের নায়ক আর্দা গুলেরও।
এতে করে এক যুগেরও বেশি সময় পর ঘরের মাঠে রিয়ালকে হারানোর স্বাদ পেলো বায়ার্ন। সেমিতে তাদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)।
