নাফ নদে মাইন বিস্ফোরণ রোহিঙ্গা যুবকের পা গুরুতর জখম

ফন্ট সাইজ:

কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের ডান পা গুরুতরভাবে ক্ষতবিক্ষত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদের ১৯ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ ইউনুছ (২৬) থাইংখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-২ ব্লকের বাসিন্দা সবুল হকের ছেলে। বিজিবি’র উখিয়া ৬৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সকালে ইউনুছসহ কয়েকজন জেলে মাছ ধরতে নাফ নদীতে গেলে সীমান্তের শূন্যরেখার ভেতরে মাইন বিস্ফোরণে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বিজিবি জানায়, বিস্ফোরণটি মিয়ানমারের অভ্যন্তরে ঘটে। সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে গত ২৯শে মার্চ থেকে ১৫ই এপ্রিল পর্যন্ত ১৭ দিনের ব্যবধানে বালুখালী ও পালংখালী সীমান্তে মাইন বিস্ফোরণে আরও ৩ রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন