ময়মনসিংহে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ’র ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফন্ট সাইজ:

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের এমপি ও খেলাফত মজলিস নেতা মুফতি মুহাম্মদুল্লাহ’র ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এমপি মুফতি মুহাম্মদুল্লাহ ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য সচিব মোতাহার হোসেন তালুকদারের বিচার দাবি করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি বলেন, আমি দায়িত্ব নেয়ার পর থেকে বিএনপি’র স্থানীয় সকল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করার লক্ষ্যে একাধিকবার তাদের কাছে খবর পাঠিয়েছি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি। কিন্তু মোতাহার হোসেন তালুকদার পহেলা বৈশাখ উপলক্ষে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত থেকে সরাসরি আমার ওপর হামলা চালিয়েছেন।
তিনি অভিযোগ করেন, এমপি হিসেবে কোনো সরকারি কাজ বা প্রকল্প উদ্বোধনের প্রটোকল আমার থাকলেও মোতাহার নিয়মবহির্ভূতভাবে আগেই সেখানে গিয়ে উদ্বোধন করে ফেলছেন এবং বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তিনি কেন এমপি হতে পারলেন না- এমন প্রতিহিংসা থেকেই মূলত এই হামলা ও প্রতিনিয়ত কাজে বাধা প্রদান করা হচ্ছে বলে তিনি দাবি করেন। এমপি আরও বলেন, আমি দলমত নির্বিশেষে সবার সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই এবং বারবার অনুরোধ করেছি; যাতে আমার লোকজনের ওপর হামলা করা না হয়। কিন্তু তিনি নিজে উপস্থিত থেকে আমার কর্মীদের ওপর আক্রমণ করেছেন, যারা বর্তমানে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই উদ্ভূত পরিস্থিতিতে আমি বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের সুদৃষ্টি কামনা করছি; যাতে তারা বিষয়টি সমাধান করেন, অন্যথায় এলাকায় আরও বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে। আমি ইতিমধ্যে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলেছি এবং তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবো। উপস্থিত সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি আহত কর্মীদের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।




কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন