বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

বাংলাদেশের টেবিল টেনিসে জাপানি কোচ

ফন্ট সাইজ:

থাইল্যান্ডের পর এবার টেবিল টেনিসে আনা হয়েছে জাপানি কোচ। গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন জাপানি কোচ ইউতাকা নাকানো। দুই বছরের জন্য তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন। এই বছর টেবিল টেনিসে অনেক ব্যস্ত সূচি। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, এশিয়ান গেমস, এশিয়ান যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ, সাউথ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ এবং সাউথ এশিয়ান গেমসকে সামনে রেখে এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে ফেডারেশন। তারই অংশ হিসেবে আগামী ১৮ এপ্রিল থেকে জাতীয় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ ১৬ জন পুরুষ ও ১৬ জন মহিলা খেলোয়াড়কে এশিয়ান গেমসের সিলেকশন ক্যাম্পে ডাকা হয়েছে। নতুন কোচ এই র‌্যাঙ্কিং টুর্নামেন্ট থেকে তার দল বাছাই করবেন। ইউতাকা নাকানো একজন সাবেক জাপানি টেবিল টেনিস খেলোয়াড়। যিনি পরবর্তীতে কোচিং পেশায় যুক্ত হন। আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতাও সমৃদ্ধ। কোচ হিসেবে এটি তার দ্বিতীয়বার বাংলাদেশে আগমন। এর আগে ২০২২ সালে তিনি ল্যাবএইডের সহযোগী প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টিং ক্লাবে দায়িত্ব পালন করেন। ল্যাব এইডের পরিচালক বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের এখন সহ-সভাপতি। বাংলাদেশে যোগ দেওয়ার আগে তিনি যুক্তরাষ্ট্রের স্যামসন দুবিনা টেবিল টেনিস অ্যাকাডেমিতে কোচ হিসেবে কর্মরত ছিলেন। নতুন কোচ নিয়োগ দিয়ে ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ সনেট বলেন, ‘আমরা বিশ্বাস করি, ইউতাকা নাকানোর অভিজ্ঞতা ও দক্ষতার মাধ্যমে বাংলাদেশের টেবিল টেনিস নতুন উচ্চতায় পৌঁছাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সাফল্য আরও বাড়বে।’ তিনি আরও জানান, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে আলাদাভাবে দল নির্বাচন করে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে মহিলা দলের কোচ হিসেবে প্রাক্তন জাতীয় চ্যাম্পিয়ন সালেহা সেতুকে নিয়োগ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন