টেক্সাসে লাখ লাখ টিকিট অবিক্রীত, তবু কেন কিনতে পারছেন না দর্শকরা?

টেক্সাসে লাখ লাখ টিকিট অবিক্রীত, তবু কেন কিনতে পারছেন না দর্শকরা?

ফন্ট সাইজ:

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট নিয়ে ফিফা’র লুকোচুরি চলছে। উত্তর টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচগুলোর জন্য এখনো কয়েক লাখ টিকিট অবিক্রীত থাকলেও সাধারণ দর্শকরা সেগুলো কিনতে পারছেন না। ফিফার অফিসিয়াল পোর্টালে ঢুকলে দেখা যাচ্ছে টিকিট নেই। তবে আয়োজক কমিটির তথ্যানুযায়ী, স্টেডিয়ামের অর্ধেকের বেশি আসন এখনো খালি।

নর্থ টেক্সাস ফিফা বিশ্বকাপ আয়োজক কমিটির দেয়া তথ্যমতে, গত সোমবার পর্যন্ত ডালাসে হওয়া গ্রুপ পর্বের ম্যাচের মাত্র ৬০-৭০ শতাংশ টিকিট বিক্রি হয়েছে। নক-আউট পর্বের জন্য বিক্রি হয়েছে ৫৫ শতাংশ এবং সেমিফাইনালের মাত্র ৩১ শতাংশ টিকিট। ডালাস স্টেডিয়ামের আসন সংখ্যা প্রায় ৯০ হাজার। সেই হিসেবে টেক্সাসে হতে যাওয়া ৯টি ম্যাচের মোট ৮ লাখ ৯০ হাজার আসনের মধ্যে প্রায় ৪ লাখ ৭০ হাজার আসন এখনো খালি থাকার কথা। কিন্তু বাস্তবে ফিফার ওয়েবসাইটে সাধারণ মূল্যের কোনো টিকিট খুঁজে পাওয়া যাচ্ছে না।

গত ১লা এপ্রিল থেকে ফিফা ‘লাস্ট মিনিট সেলস’ শুরু করলেও সেখানে ডালাসের কোনো ম্যাচই এভেলেবল দেখাচ্ছে না। বরং ফিফার নিজস্ব ‘রিসেল মার্কেটপ্লেস’-এ সাধারণ গ্যালারির টিকিটের দাম চাওয়া হচ্ছে হাজার হাজার ডলার। যেমন, জাপান বনাম সুইডেন ম্যাচের একটি সাধারণ ক্যাটাগরির টিকিটের গায়ে দাম লেখা ৬৯ ডলার, অথচ সেটি বিক্রি হচ্ছে ৩ হাজার ৪৫০ ডলারে (প্রায় ৪ লাখ টাকা)। এমনকি বোস্টনের হাইতি বনাম স্কটল্যান্ড ম্যাচের মতো সাধারণ মানের খেলার ৩২টি টিকিটের প্রতিটির দাম ১ হাজার ডলারের ওপরে চাওয়া হচ্ছে। থার্ড পার্টি ওয়েবসাইটগুলোতে ডালাসের সবচেয়ে সস্তা টিকিটের দামও করসহ ৫৬০ ডলারের নিচে নয়।

কোথায় গেল অবিক্রীত ৪ লাখ ৭০ হাজার টিকিট? এই প্রশ্নের কোনো সদুত্তর দেয়নি ফিফা। ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ টিকিট স্পন্সর ও পার্টনারদের জন্য সরিয়ে রাখা হয়েছে। ফিফা’র দাবি, তারা দফায় দফায় টিকিট ছাড়ছে। তবে কবে কতগুলো টিকিট ছাড়া হবে সে বিষয়ে কোনো রূপরেখা নেই। অভিযোগ উঠেছে, ফিফা ইচ্ছে করেই সাধারণ টিকিটগুলো আটকে রেখে দর্শকদের চড়া মূল্যের ‘হসপিটালিটি প্যাকেজ’ কিনতে বাধ্য করছে। ডালাসের সব ম্যাচের জন্য একটি প্রিমিয়াম প্যাকেজের দাম রাখা হয়েছে ২৫ হাজার ৮৫০ ডলার বা প্রায় ৩০ লাখ টাকা।
বিখ্যাত ক্রীড়া সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ এর প্রতিবেদনে ফিফা’র প্রতারণার খবর ওঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ীম, বিশ্বকাপের ম্যাচ দেখতে যারা হাজার হাজার ডলার খরচ করে টিকিট কিনেছেন, তাদের আসনের মান নিয়েও প্রতারণা করেছে ফিফা। এখানেই শেষ নয়, সম্প্রতি আরও দামি নতুন ক্যাটাগরি যুক্ত করেছে সংস্থাটি। তুলনামূলক সস্তা টিকেটের পরিমান মোট আসনের মাত্র ১.৬ শতাংশ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন