২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আয়োজক দেশ যুক্তরাষ্ট্রে গণপরিবহনের ভাড়া কয়েকগুণ বাড়িয়ে দেয়ার পূর্বাভাসে কড়া প্রতিক্রিয়া দেখালেন দেশটির প্রভাবশালী কংগ্রেস সদস্য। ডেমোক্রেট দলীয় সিনেট নেতা চাক শুমারের দাবি, প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করতে যাওয়া ফিফাকেই দর্শকদের এই যাতায়াত খরচ বহন করতে হবে।
সম্প্রতি সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপ চলাকালে ম্যানহাটনের পেন স্টেশন থেকে মেটলাইফ স্টেডিয়ামে যাতায়াতে রিটার্ন টিকিটের দাম ১০০ ডলারের বেশি নির্ধারণ করতে পারে নিউ জার্সি ট্রানজিট কর্তৃপক্ষ। বর্তমানে এই রুটে যাতায়াতের সাধারণ ভাড়া মাত্র ১২ ডলার ৯০ সেন্ট। অর্থাৎ টুর্নামেন্ট চলাকালে প্রায় আট গুণ ভাড়া বৃদ্ধির পরিকল্পনা করা হচ্ছে।
কেন ফিফা’র এই যাতায়াত খরচ বহন করা উচিত, সে বিষয়ে সিনেটর চাক শুমার আয় ও ব্যয়ের ওপর ভিত্তি করে বেশ কিছু শক্তিশালী যুক্তি তুলে ধরেছেন। প্রথমত, আয়োজক শহরগুলো ইতিমধ্যে বিশ্বকাপের নিরাপত্তা, লজিস্টিকস এবং পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করেছে। এর ওপর যাতায়াত খরচের বাড়তি বোঝা স্থানীয় বাসিন্দাদের ওপর চাপানোকে ‘অন্যায্য’। দ্বিতীয়ত, একটি বৈশ্বিক ইভেন্টের কারণে যাত্রী ও বাসিন্দাদের পকেট কাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) সিনেটর চাক শুমার বলেন, ‘বিশ্বকাপ থেকে ফিফা প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করতে যাচ্ছে, অথচ তার বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে স্থানীয় যাত্রী ও বাসিন্দাদের ওপর। ফিফার অন্তত এটুকু নিশ্চিত করা উচিত যে, দর্শকদের যেন পকেট কাটা না যায়। আমার দাবি, আয়োজক শহর ও অঙ্গরাজ্যগুলোর যাতায়াত খরচ ফিফা নিজেই বহন করুক।’
নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকলও এই ভাড়া বৃদ্ধির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘বিশ্বকাপ সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। সামান্য দূরত্বের ট্রেন যাত্রায় ১০০ ডলারের বেশি ভাড়া আদায় অত্যন্ত অযৌক্তিক।’ অন্যদিকে নিউজার্সির গভর্নর মিকে শেরিল বলেছেন, পর্যটকদের যাতায়াতের বাড়তি খরচ তিনি কোনোভাবেই স্থানীয় করদাতাদের ওপর চাপাতে দেবেন না। ভাড়া বৃদ্ধির এই আতঙ্ক কেবল নিউজার্সিতেই সীমাবদ্ধ নয়। বোস্টনের ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি জানিয়েছে, শহর থেকে জিলেট স্টেডিয়ামে যাতায়াতের রিটার্ন টিকিটের দাম ২০ ডলার থেকে বাড়িয়ে ৮০ ডলার করা হবে।
২০২৬ ফুটবল বিশ্বকাপ
ফিফাকে কেন যাতায়াত খরচ বহনের দাবি জানিয়েছেন মার্কিন সিনেটর
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৭ঃ৪৯ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
