আসন্ন ২০২৬ বিশ্বকাপের আগে বড় ধরনের দুঃসংবাদ পেল বর্তমান রানার্সআপ ফ্রান্স। লিভারপুলের ফরাসি ফরোয়ার্ড উগো একিটিকে গুরুতর ইনজুরিতে পড়ে বিশ্বমঞ্চ থেকে ছিটকে গেছেন। মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে পিএসজির বিপক্ষে ম্যাচ চলাকালীন তার ‘অ্যাকিলিস টেন্ডন’ ছিঁড়ে যায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে যে, এই ইনজুরির কারণে আসন্ন জুনে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তার খেলা হচ্ছে না।
অ্যানফিল্ডে পিএসজির বিপক্ষে লিভারপুলের ২-০ ব্যবধানে হারের রাতে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় ২৩ বছর বয়সী এই তারকাকে। ম্যাচের এক পর্যায়ে ব্যথায় কুঁকড়ে গিয়ে নিজের গোড়ালির ওপরের দিকে ইশারা করেন তিনি, যা দেখে চিকিৎসক দল দ্রুত তাকে মাঠের বাইরে নিয়ে যায়। এই হারে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিয়েছে লিভারপুল। ম্যাচ শেষে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট একিটিকের অবস্থা নিয়ে শঙ্কা প্রকাশ করে বলেন, ‘উগোর অবস্থা বেশ খারাপ বলেই মনে হচ্ছে, তবে কতটা খারাপ তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। হাফ টাইমে আমি তাকে দেখিনি, ম্যাচের পর সে সরাসরি বাসায় চলে গেছে। পরিস্থিতি ইতিবাচক মনে হচ্ছে না।’
গত জুলাইয়ে ৬৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আইট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে লিভারপুলে যোগ দেওয়ার পর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেছেন একিটিকে। ফ্রান্সের আক্রমণভাগে তাকে নিয়ে বড় পরিকল্পনা ছিল কোচ দিদিয়ে দেশমের। কিন্তু এই ইনজুরি সব হিসাব-নিকাশ পাল্টে দিল। মজার ব্যাপার হলো, এই ম্যাচেই আরেক ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাক পা ভাঙার ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন, কিন্তু একিটিকের নতুন ইনজুরি স্লটের আক্রমণভাগের পরিকল্পনায় আবারো আঘাত হানলো।
বিশ্বকাপের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে
স্পোর্টস ডেস্ক
খেলা
১ মাস আগে
১৫ এপ্রিল (বুধবার), ২০২৬, ৭ঃ০৮ (অপরাহ্ণ)
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
