না ফেরার দেশে রিয়াল মাদ্রিদ গ্রেট সান্তামারিয়া

না ফেরার দেশে রিয়াল মাদ্রিদ গ্রেট সান্তামারিয়া

ফন্ট সাইজ:

রিয়াল মাদ্রিদের সোনালী যুগের অন্যতম স্তম্ভ এবং কিংবদন্তি ডিফেন্ডার হোসে এমিলিও সান্তামারিয়া আর নেই। ৯৬ বছর বয়সে স্পেনের মাদ্রিদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রিয়াল মাদ্রিদ ক্লাব কর্তৃপক্ষ এক শোকবার্তায় এই কিংবদন্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
১৯৫৭ সালে উরুগুয়ের ক্লাব নাসিওনাল থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন সান্তামারিয়া। সান্তিয়াগো বার্নাব্যুতে কাটানো নয়টি মৌসুমে তিনি ৩৩৭টি ম্যাচ খেলেন। আলফ্রেড ডি স্টিফানো, পুসকাস, জেন্টো এবং রেমন্ড কোপার মতো কিংবদন্তিদের সঙ্গে মিলে তিনি গড়ে তুলেছিলেন ইউরোপীয় ফুটবলের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী এক দল। তার সময়ে রিয়াল মাদ্রিদ ৪টি ইউরোপীয় কাপ (বর্তমানে চ্যাম্পিয়নস লীগ), ৬টি লা লিগা এবং একটি ইন্টারকন্টিনেন্টাল কাপ জয় করে।
উরুগুয়ের মন্টেভিডিওতে জন্ম নেওয়া সান্তামারিয়া ইতিহাসের সেই বিরল ফুটবলারদের একজন, যারা দুটি ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন। ১৯৫৪ বিশ্বকাপে তিনি খেলেছেন জন্মভূমি উরুগুয়ের হয়ে। পরবর্তীতে স্পেনের নাগরিকত্ব নিয়ে ১৯৬২ বিশ্বকাপে অংশ নেন স্প্যানিশদের জার্সিতে। উরুগুয়ের হয়ে ২৫টি এবং স্পেনের হয়ে ১৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘সান্তামারিয়া সবসময় আমাদের ক্লাবের অন্যতম মহান প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি সেই দলের অংশ ছিলেন যারা রিয়াল মাদ্রিদের বিশ্বব্যাপী যে মিথ বা মহিমা, তার ভিত গড়ে দিয়েছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রিয়াল মাদ্রিদ ছিল তার হৃদস্পন্দন।’
খেলোয়াড় হিসেবে অবসরের পর সান্তামারিয়া কোচিং পেশায় যুক্ত হন। ১৯৮২ সালে ঘরের মাঠে বিশ্বকাপে স্পেন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া এসপানিওলের হয়ে দীর্ঘ সাত মৌসুম ডাগআউট সামলেছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন