প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা পরিবর্তনের কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালা পরিবর্তনের কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

ফন্ট সাইজ:

প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, বৃত্তির অর্থের পরিমাণ এবং কত সংখ্যক শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নতুন করে পর্যালোচনা করা হবে।

বুধবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, পুনরায় বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সরকারের লক্ষ্য শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং পড়াশোনায় আগ্রহ বাড়ানো। এ লক্ষ্যে ভবিষ্যতে আরও বড় পরিসরে এ কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, পরিদর্শনের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীরা যেন সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে তা নিশ্চিত করা। আমরা দেখেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এখন পর্যন্ত সারা দেশ থেকে পাওয়া রিপোর্টও ইতিবাচক।

তবে কিছু শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টিও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে উপস্থিতি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেয়া হবে এবং শিক্ষার্থী-অভিভাবকদের আরও উৎসাহিত করতে নতুন পদক্ষেপ গ্রহণ করা হবে।

নীতিমালা পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, বৃত্তির অর্থের পরিমাণ ও সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা পুনর্বিবেচনা করা হবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নতুন মানদণ্ড নির্ধারণের বিষয়টিও বিবেচনায় রয়েছে, যাতে আরও বেশি শিক্ষার্থী উৎসাহিত হয়।

শিক্ষার হার বৃদ্ধির প্রসঙ্গ তুলে তিনি জানান, সরকারের লক্ষ্য দেশে শিক্ষার হার ৯৬ শতাংশে উন্নীত করা। এ লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার পাশাপাশি অনানুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকেও আরও জোরদার করা হবে।

পরিদর্শনকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন