চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গিয়ে রেফারির ওপর ক্ষোভ উগরে দিলেন বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহা। চোটের কারণে দুই লেগেই দর্শক হয়ে থাকেন এ ব্রাজিলিয়ান তারকা তিনি। গ্যালারিতে বসেই সতীর্থদের হার দেখা রাফিনহা সরাসরি অভিযোগ তুললেন, বার্সেলোনাকে পরিকল্পিতভাবে ‘ডাকাতি’ করে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়া হয়েছে।
রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে ফিরতি লেগে ২-১ গোলে জিতলেও, দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে বিদায় নেয় কাতালানরা। ম্যাচের পর রাফিনহার কণ্ঠ ছিল প্রচণ্ড আক্রমণাত্মক। তিনি বলেন, ‘আমি যতটুকু বুঝি, এটি ছিল স্রেফ ডাকাতি। শুধু এই ম্যাচই নয়, প্রথম লেগও একইভাবে আমাদের হাত থেকে ছিনিয়ে নেয়া হয়েছে। আমি বুঝতে পারছি না, বার্সেলোনার জয় নিয়ে তারা (রেফারিরা) এতটা ভীত কেন!’ রাফিনহা আরও বলেন, ‘ভুল মানুষ মাত্রই হতে পারে। তবে টানা দুই ম্যাচেই একই জিনিস হবে কেন?’
ম্যাচের ২৪তম মিনিটের মধ্যে দুই গোল শোধ করে দারুণ কিছুর ইঙ্গিত দেয় কাতালানরা। তবে ৩১তম মিনিটে আদেমোলা লুকমানের গোলে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। ৭৯তম মিনিটে এরিক গার্সিয়ার লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে আর গোলের দেখা পায়নি সফরকারীরা। উল্লেখ্য, ঘরের মাঠে প্রথম লেগেও একই কারণে ১০ জন নিয়ে খেলা শেষ করতে হয় বার্সাকে। সেই ম্যাচেও রেফারিং নিয়ে আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে অভিযোগ জানায় তারা, যা পরে খারিজ করে দেয়া হয়।
চ্যাম্পিয়নস লীগ থেকে বিদায় নিলেও কোচ হান্সি ফ্লিক খেলোয়াড়দের মানসিকতায় গর্বিত। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। আরও গোল করতে হতো, যেটি আমরা অবশ্যই পারতাম। (কোয়ার্টার ফাইনালের) দুটি ম্যাচই দেখলে বোঝা যায়, সেমিফাইনালটা আমাদের প্রাপ্য ছিল। তবে এটি মেনে নিতে হবে। মাঠে খেলোয়াড়দের মানসিকতায় আমি গর্বিত।’
লা লিগায় ৯ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা বার্সার মূল লক্ষ্য এখন ঘরোয়া লীগ জেতা। তবে রেফারির বিরুদ্ধে সরাসরি ‘চুরির’ অভিযোগ তোলার কারণে রাফিনহাকে উয়েফার কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।
