পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় নির্বাচনের রাজনীতির সুস্পষ্ট প্রতিফলন দেখতে পাওয়া গেছে।
বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তায় বাঙালির সাংস্কৃতিক চেতনাকে প্রশংসায় ভরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি লিখেছেন, প্রার্থনা করি আগামী বছরে আপনাদের সব কামনা পূরণ হোক। আনন্দ ও ভ্রাতৃত্বের চেতনা সদাবিরাজমান থাকুক
পশ্চিমবঙ্গসহ সমস্ত বাংলা ভাষাভাষী রাজ্যে বাংলা নববর্ষ পালিত হয়েছে। সেই উপলক্ষে বাংলা ও ইংরেজিতে মোদি লিখেছেন, শুভ নববর্ষ। বিশেষ দিনে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনাদের সুস্বাস্থ্য ও অনন্ত সুখ কামনা করি। এখানেই শেষ না করে, বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যকে কুর্নিশ জানিয়েছেন মোদি। লিখেছেন, ভারতের সভ্যতার চেতনাকে গড়ে তোলা পশ্চিমবঙ্গের কালজয়ী সাংস্কৃতিক ঐতিহ্যের উদযাপনেরও এটি একটি উপলক্ষ।”
মোদি শুভেচ্ছার মাধ্যমে দেওয়া বার্তাকে নির্বাচনের রাজনীতির স্পষ্ট প্রতিফলনের পাশাপাশি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম উল্লেখ না করে বিজেপিকে নিশানা করে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন।
মমতা সমাজ মাধ্যমে লিখেছেন, রাজ্যের সকল প্রান্তের মানুষকে হৃদয়ের অন্তর থেকে জানাই বাংলা নববর্ষের শুভনন্দন। এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন হয়ে উঠুক গ্লানিমুক্ত। নতুনের এই আবাহনে প্রতিটি প্রাণ পবিত্রতায় ভরে উঠুক। মমতা আরও লিখেছেন, আজকের এই শুভ দিনে আসুন আমরা সমবেতভাবে শপথ নিই; সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসব। কোনও শক্তি যেন আমাদের চিরকালীন শান্তি, ঐতিহ্যগত সম্প্রীতি আর সৌহার্দ্যের বন্ধন ছিন্ন করতে না পারে।
রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে, আসন্ন নির্বাচনকে লক্ষ্য করে শুভেচ্ছা বার্তার মাধ্যমে ভোটারদের কাছে রাজনীতির বার্তা দেওয়ার সুযোগ ছাড়তে চাননি। পশ্চিমবঙ্গের এবারের নির্বাচনকে মোদি ও মমতা নিজেদের জয় পরাজয় হিসেবে চিহ্নিত করেছেন।
