ব্যক্তিগত কারণ দেখিয়ে হুট করেই ইন্টার মায়ামির কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হাভিয়ের মাসচেরানো। মঙ্গলবার এক বিবৃতিতে এ বিষয়ে নিশ্চিত করেছে ফ্লোরিডার ক্লাবটি।
স্রেফ চার মাস আগেই ইতিহাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) কাপ শিরোপা জেতে মায়ামি। তবে এবার লীগে স্রেফ সাত ম্যাচ যেতেই বিদায় ঘন্টা বাজালেন মাসচেরানো। ইএসপিএনকে ক্লাবের এক সূত্র জানায়, গত শনিবার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ২–২ গোলে ড্র করার পরপরই কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্তের কথা জানান লিওনেল মেসির সাবেক সতীর্থ।
ক্লাবের আনুষ্ঠানিক বিবৃতিতে মাসচেরানো বলেন, ‘আমি সবাইকে জানাতে চাই, ব্যক্তিগত কারণে আমি ইন্টার মায়ামির প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার ওপর আস্থা রাখার জন্য সবার আগে আমি ক্লাবকে ধন্যবাদ জানাতে চাই। সম্মিলিত প্রচেষ্টার জন্য ক্লাবের প্রতিটি কর্মীকেও ধন্যবাদ। তবে সবচেয়ে বেশি কৃতজ্ঞ খেলোয়াড়দের প্রতি। তাদের কারণেই আমরা অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপভোগ করতে পেরেছি।’
২০২৪-এর নভেম্বরে টাটা মার্টিনোর স্থলাভিষিক্ত হয়ে মায়ামিতে আসেন ৪১ বছর বয়সী মাসচেরানো। তার অধীনেই গত বছর লীগস কাপের ফাইনালে ওঠে মায়ামি, জেতে এমএলএস কাপও। চলতি মৌসুমে সাত ম্যাচ শেষে ইস্টার্ন কনফারেন্সের তিনে রয়েছে ফ্লোরিডার ক্লাবটি। তবে কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে ন্যাশভিল এসসির কাছে হার এবং নতুন স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে ড্র কিছুটা হতাশা তৈরি করে মাসচেরানোর মনে।
সাবেক বার্সা তারকার বিদায়ে আপাতত অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর গিলের্মো হয়োস।
