বার্সেলোনার হৃদয় ভেঙে সেমিফাইনালে অ্যাটলেটিকো

বার্সেলোনার হৃদয় ভেঙে সেমিফাইনালে অ্যাটলেটিকো

ফন্ট সাইজ:

আধা ঘন্টার মধ্যেই দুই গোল দিয়ে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিলো বার্সেলোনা। তবে বিরতির আগেই সব হিসাব-নিকাশ পাল্টে দিলেন অ্যাটলেটিকো মাদ্রিদের আদমোলা লুকমান। চ্যাম্পিয়নস লীগের কোয়ার্টার ফাইনালে দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় যথেষ্ট হলো না কাতালানদের জন্য। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে ৯ বছর পর সেমিফাইনালে পা রাখলো দিয়েগো সিমিওনের দল।

রিয়াদ এয়ার মেট্রোপলিটানো স্টেডিয়ামে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখতে শুরু করে বার্সা। ম্যাচের ২৪তম মিনিটের মধ্যেই লামিন ইয়ামাল ও ফেররান তোরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা। দুই লেগ মিলিয়ে তখন ২-২ সমতা। রেকর্ড গড়া বার্সার তরুণ দলটি যখন সেমির স্বপ্ন দেখছে, তখনই গোল করে বসেন লুকমান। ৩১তম মিনিটে মার্কোস লরেন্তোর পাস থেকে করা এ গোলটিই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়।

দ্বিতীয়ার্ধের পুরোটা সময় অ্যাটলেটিকোর ওপর একের পর এক আক্রমণ চালায় বার্সা। তোরেস একবার বল জালে পাঠালেও তা অফসাইডের কারণে বাতিল হয়। দানি ওলমো, মার্কাস রাশফোর্ড ও রবার্ট লেভানদোভস্কিরা বারবার আক্রমণ করলেও অ্যাটলেটিকো গোলকিপার হুয়ান মুসো ছিলেন দুর্ভেদ্য দেয়াল হয়ে। ম্যাচের ৭৮তম মিনিটে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কাতালানরা। একজন কম নিয়ে শেষ দিকে আপ্রাণ চেষ্টা করেও জালের দেখা পায়নি হান্সি ফ্লিকের দল।

২০১৪ ও ২০১৬’র পর আরেকবার চ্যাম্পিয়নস লীগের নকআউটে অ্যাটলেটিকোর কাছে স্বপ্নভঙ্গ হলো বার্সার। অন্যদিকে ২০১৭’র পর প্রথমবার শেষ চারে পা রাখলো সিমিওনের দল।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন