ইসরাইল-লেবাননের আরও আলোচনায় সম্মতি, নতুন দফা বৈঠকের প্রস্তুতি

ইসরাইল-লেবাননের আরও আলোচনায় সম্মতি, নতুন দফা বৈঠকের প্রস্তুতি

ফন্ট সাইজ:

ইসরাইল ও লেবানন আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে প্রথম দফার সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। এটা কয়েক দশকের মধ্যে দুই দেশের প্রথম সরাসরি আলোচনা। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। ওদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সম্ভাব্য দ্বিতীয় দফার ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় নেতৃত্ব দিতে পারেন বলে জানা গেছে। সূত্র অনুযায়ী, যদি আলোচনা অগ্রসর হয়, তাহলে যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই নতুন বৈঠক হতে পারে। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে পাকিস্তানে আলোচনা পুনরায় শুরু হতে পারে।

যুক্তরাষ্ট্রে নিয়োজিত লেবাননের রাষ্ট্রদূত জানিয়েছেন, ইসরাইলের সঙ্গে পরবর্তী সরাসরি আলোচনার তারিখ ও স্থান পরে ঘোষণা করা হবে। তিনি বলেন, মঙ্গলবারের প্রাথমিক বৈঠকটি গঠনমূলক ছিল। তবে ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫ জন লেবাননি নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ছয় সপ্তাহেরও বেশি সময় আগে ইসরাইল ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা শুরু করে এবং বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যেও এসব হামলা চালিয়ে যাচ্ছে।

যুদ্ধবিরতির সময় ইরান তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটির প্রবেশপথে জমে থাকা ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। স্যাটেলাইট ছবির ভিত্তিতে এমন তথ্য জানা গেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, পাকিস্তানের ইসলামাবাদে আলোচনায় অংশ নেয়া ইরানি প্রতিনিধিরা চুক্তি করতে আগ্রহী বলে মনে হয়েছে। যদিও দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে। তিনি আরও বলেন, ট্রাম্প যে বৃহৎ সমঝোতা করতে চান, সেটির জন্য তিনি কাজ চালিয়ে যাবেন। এছাড়া কিছু ক্যাথলিক ধর্মযাজক মার্কিন নীতির সমালোচনা করায় তিনি হতাশ হলেও, পোপের প্রতি তার শ্রদ্ধা রয়েছে বলে জানান।
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধের দাবি থাকা সত্ত্বেও, একটি তেলবাহী জাহাজ ইরানের একটি বন্দর ছেড়ে প্রণালিটি অতিক্রম করেছে বলে মেরিন ট্রাফিক ডেটায় দেখা গেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন