যাদুকাটা বালুমহালের নতুন ইজারা ৭ মাস স্থগিত

যাদুকাটা বালুমহালের নতুন ইজারা ৭ মাস স্থগিত

ফন্ট সাইজ:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহালের নতুন ইজারা বা টেন্ডার কার্যক্রম ৭ মাসের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বর্তমান ইজারাদারদের মেয়াদ অতিরিক্ত ৫ মাস বৃদ্ধি করার বিষয়ে কারণ দর্শাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত রুল জারি করে জানতে চেয়েছেন, আবেদনকারীর দখল গ্রহণে বিলম্বের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কেন ইজারার মেয়াদ পাঁচ মাস বৃদ্ধি করা হবে না এবং অতিরিক্ত পরিশোধিত ইজারার অর্থ সমন্বয় বা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হবে না।

এছাড়া রুলের শুনানি চলাকালীন সময়ে যাদুকাটা বালুমহাল সংক্রান্ত নতুন টেন্ডার বা ইজারা কার্যক্রম স্থগিত থাকবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ৭ মাস মেয়াদ শেষে এই স্থগিতাদেশ আর বাড়ানো হবে না বলেও আদালত স্পষ্ট করেছেন।

আদালত আবেদনকারীকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিপক্ষদের কাছে নোটিশ জারি করার নির্দেশ দিয়েছেন। অন্যথায় রুলটি খারিজ বলে গণ্য হবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বিষয়টি নিশ্চিত করে দৈনিক মানবজমিন কে বলেন, ‘ইজারাদারদের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট দায়ের করা হয়েছিল এবং আদালতের রায় ইজারাদারদের পক্ষে এসেছে। আদালতের নির্দেশনা অনুযায়ী নতুন ইজারা কার্যক্রম সাত মাসের জন্য স্থগিত রাখা হয়েছে এবং পূর্ববর্তী ইজারার মেয়াদ অতিরিক্ত পাঁচ মাস বৃদ্ধি করা হয়েছে।’

প্রসঙ্গত, ১৪৩২ বাংলা সনের জন্য এক বছরের ইজারা পেলেও একটি মামলার কারণে বালুমহালের দখল পেতে প্রায় পাঁচ মাস বিলম্ব হয়। পরে লোকসানের বিষয়টি উল্লেখ করে ইজারাদাররা উচ্চ আদালতে পৃথক রিট আবেদন করেন। আদালত তাদের আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন