ঈশ্বরদীতে আইনজীবীর বাড়িতে চুরি

ফন্ট সাইজ:

পাবনার ঈশ্বরদীতে এক আইনজীবীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিবাগত রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এডভোকেট রনজুল ইসলাম দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে মাঝেমধ্যে যাতায়াত থাকলেও ভবনটি বেশির ভাগ সময় তালাবদ্ধ থাকে। ঘটনার দিন রাতের কোনো এক সময় চোরচক্র বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ভেতরে ঢোকে। সকালে স্থানীয়রা ঘরের দরজা খোলা ও তালা ভাঙা দেখে ভেতরে গিয়ে আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পান। এডভোকেট রনজুল ইসলাম জানান, ভিডিও কলের মাধ্যমে তিনি ঘরের সবকিছু দেখেছেন। তার ঘর থেকে টেলিভিশন, আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার এবং ফ্রিজে রাখা খাবারসহ বিভিন্ন মূল্যবান জিনিস চুরি হয়েছে। তিনি ধারণা করছেন, সংঘবদ্ধ কোনো চক্র এই চুরির সঙ্গে জড়িত। এর আগেও ওই বাড়িতে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছিল বলে তিনি জানান। ঘটনার পর ভুক্তভোগী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে ব্যবস্থা নেয়া হচ্ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন