চুয়াডাঙ্গার দর্শনায় আড়াই কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বারসহ আলমগীর খান (৫০) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবি’র চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ন। গতকাল ভোর আনুমানিক ৬টার দিকে দর্শনা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত আলমগীর দর্শনা মোবারক পাড়ার মৃত বাদল খানের ছেলে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে দর্শনা দিয়ে স্বর্ণ চোরাচালানের খবর পায় বিজিবি। এ খবরে পূর্বপরিকল্পনা অনুযায়ী ভোরে দর্শনা রেলস্টেশন এলাকায় অবস্থান করে বিজিবি’র একটি টিম। এ সময় বাংলাদেশ থেকে একজন উক্ত এলাকা অতিক্রম করে ভারতের দিকে যাওয়ার চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে থামার জন্য সংকেত দেন। কিন্তু সে সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে কোমরে স্কচ টেপ দ্বারা মোড়ানো অবস্থায় দু’টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে সর্বমোট দশটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ছাড়াও চোরাচালান কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার বাজার মূল্য ২ কোটি ৪৭ লাখ ৮৯ হাজার ১৬০ টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দর্শনায় আড়াই কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ পাচারকারী আটক
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
