যশোরের শার্শায় স্কুল থেকে ফেরার পথে সজীব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রকে জোরপূর্বক তুলে দোকানঘরে আটকে রেখে হাত-পা বেঁধে বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার বাসাবাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। শুধু নির্যাতনই নয়Ñ তার প্যান্ট খুলে গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ সূত্রে জানা গেছে। এ ঘটনায় গত রোববার রাতে ভুক্তভোগীর মা ফরিদা খাতুন সাকিব, রিপন, রাজু, সিয়ামসহ ৫-৭ জনের বিরুদ্ধে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা সবাই স্থানীয় বাসাবাড়ি এলাকার বাসিন্দা। অভিযোগ সূত্রে জানা যায়, গত ৯ই এপ্রিল বসন্তপুর গ্রামের ফরিদা খাতুনের ছেলে কেরালখালী পাড়িয়া ঘোপ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সজীব হোসেন স্কুল থেকে বাড়ি ফিরছিল। পরে দুপুর ১টার দিকে বাসাবাড়ি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকেই ওত পেতে থাকা একদল যুবক তাকে জোর করে টেনে-হিঁচড়ে তুলে নিয়ে যায় অভিযুক্ত সাকিবের দোকানে। সেখানে তাকে বেধড়ক মারধর ও নির্যাতন করা হয়। পরে সজীবের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। ঘটনার সময় অভিযুক্তরা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। ভুক্তভোগী সজীবের মা ফরিদা খাতুন জানান, থানায় অভিযোগের পর বিভিন্ন ফোন নম্বর থেকে তাকে ও তার ছেলেকে প্রাণনাশের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। বর্তমানে ছেলেকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি এই বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শার্শা থানার ওসি মারুফ হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।
বিয়ষটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
স্কুলছাত্রকে দোকানে আটকে নির্যাতন
থানায় অভিযোগের পর প্রাণনাশের হুমকি
বেনাপোল (যশোর) প্রতিনিধি
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
