সেতু নির্মাণের দাবিতে চেঙ্গেরখাল নদীর পাড়ে মানববন্ধন

সেতু নির্মাণের দাবিতে চেঙ্গেরখাল নদীর পাড়ে মানববন্ধন

ফন্ট সাইজ:

চেঙ্গেরখাল নদীর উপর সেতু নির্মাণের দাবিতে স্থানীয় মোটরঘাট এলাকায় মানববন্ধন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের হাওরাঞ্চলের বাসিন্দারা। সোমবার বিকাল ৩টায় নন্দিরগাঁও ইউনিয়নের মোটরঘাট নতুন বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এলাকাবাসী জানান, চেঙ্গেরখাল নদীর পশ্চিম পাশের ১০-১৫টি গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস। হাওর নদী অববাহিকায় বছরের পর বছর ধরে নদীর উপর সেতু না থাকায় এলাকার শত শত শিক্ষার্থী ও রাতারগুল সোয়াম ফরেস্টে বেড়াতে আসা পর্যটক দর্শনার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হয়। ফলে নৌ দুর্ঘটনায় বিভিন্ন সময় পথচারী, শিক্ষার্থী পর্যটকের প্রাণহানীর ঘটনাও ঘটে। মানববন্ধনের বক্তারা বলেন, হাওর, নদী, পর্যটনকেন্দ্রসহ দেশের অন্যতম প্রাকৃতিক, মৎস্য ও ধান-সম্পদে সমৃদ্ধ এই এলাকা যুগ যুগ ধরে উন্নয়ন বঞ্চিত। দুর্যোগ আর দুর্ভোগই এই এলাকার মানুষের নিত্যসঙ্গী। আমরা এখান থেকে গণমাধ্যমের মাধ্যমে হাওরবাসীর দুঃখ-কষ্টের চিত্র সরকারের কাছে তুলে ধরতে চাই। একটি সেতুর অভাবে এই হাওরাঞ্চলের মানুষ আর কতো অপেক্ষা করবে। এলাকার উন্নয়নে জরুরি ভিত্তিতে নন্দিরগাঁও ইউনিয়নের চলিতাবাড়ি অর্থাৎ এই মোটরঘাটে সেতু নির্মাণ সময়ের দাবি বলে জানান তারা। মানববন্ধনে চৌধুরী কান্দি, কান্দিপাড়া বাইমারপার, চলিতাবাড়ি, শিয়ালা হাওর গ্রামসহ বেশ কয়েকটি গ্রামের সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেনÑ ৮নং ওয়ার্ড মেম্বার এরশাদ আলী, ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক নওয়াব আলী, আতিকুর রহমান মিয়া, সাবেক মেম্বার রইছ আলী, রমযান আলী, মিজানুর রহমান, আনা মিয়া, ফয়েজ আহমদ, আব্দুর রহমান, জামাল উদ্দিন, আমির হামজা, গেদু মিয়া, আব্দুল জলিল, আব্দুল হান্নান প্রমুখ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন