রংপুরে পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশ (২৬)কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন। পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন, রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল। তিনি জানান, ২০২১ সালের ২৫শে সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এএসআই পিয়ারুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দু’টি মামলা দায়েরসহ আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করে। ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামি পারভেজ রহমান পলাশের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। এ ছাড়া, আরও দু’টি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত। অতিরিক্ত সরকারী কৌঁসুলি আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। ন্যায়বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। তারা উচ্চ আদালতে যাবেন।
রংপুরে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় মৃত্যুদণ্ড
স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৪ এপ্রিল (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
