সৌদিতে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

ফন্ট সাইজ:

সৌদি আরবে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোবাহান খাঁ মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া গ্রামের ইউসুফ খাঁ’র ছেলে। সোবাহানের পরিবার মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। সংসারে ৫ ছেলে-মেয়ে ও স্ত্রী রয়েছে সোবাহানের। গত ১১ই এপ্রিল মৃত্যু হলেও রোববার রাতে খবর পায় পরিবার।

স্বজন ও এলাকাবাসী জানায়, ধারদেনা করে ডাসার উপজেলার দালাল নান্নু হাজীর মাধ্যমে প্রায় ৬ লাখ টাকা খরচ করে ২০২৫ সালের ১৯শে নভেম্বর সৌদি আরব পাড়ি জমান সোবাহান। এরপর গত ৭ই এপ্রিল সৌদির রিয়াদের একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন ২৯ বছর বয়সী এই যুবক। কাজ চলাকালীন অসাবধানবশত নির্মাণাধীন লিফটের মধ্যে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় সে। অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে রিয়াদের নাছিম ব্র্যাঞ্চ আল-জাজিরা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে মারা যায় সোবাহান। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন স্বজন ও এলাকাবাসী। পাশাপাশি আর্থিক সহযোগিতার দাবি জানিয়েছেন নিহতের পরিবার।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম বলেন, ‘আমার ৫ ছেলেমেয়ে নিয়ে এখন নিরুপায়। সরকার যদি সহযোগিতা না করে তাহলে বেঁচে থাকাটাই কঠিন। আমার স্বামীর মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছি না।’ মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আল নোমান জানান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে নির্দেশনা পেলে নিহতের লাশ দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করা হবে। এ ছাড়া নিহতের পরিবারের পাশে থাকার চেষ্টা করবে জেলা প্রশাসন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন