মুরগির বিষ্ঠার ভাগ নিয়ে সংঘর্ষ

ময়মনসিংহে জামায়াতের চার নেতা রিমান্ডে

ফন্ট সাইজ:

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপি’র সঙ্গে দ্বন্দ্বে জামায়াতের চার নেতাকর্মীকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত রোববার বিকালে তাদেরকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানজিনা ইসলাম তমা প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড-প্রাপ্তরা হলেন- উপজেলার এনায়েতপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের কর্মী ইদ্রিস আলী, ইমরান মিয়া ও হাজী মনির হোসেন।

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। জানা যায়, গত ৭ই এপ্রিল রাত ১১টার দিকে এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁও বাজারে সিপি বাংলাদেশ কোম্পানির মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপি’র সঙ্গে সংঘর্ষ বাধে জামায়াত নেতাকর্মীদের। ওই কোম্পানির মুরগির বিষ্ঠা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে স্থানীয় নেতাকর্মীরা বিনামূল্যে নিয়ে বিক্রি করতেন। দলটির পতনের পর বিএনপি’র নেতাকর্মীরা বিষ্ঠা নিতেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ীয়ার ওই আসনে হেরে যায় বিএনপি।

জামায়াতের প্রার্থী অধ্যক্ষ কামরুল হাসান মিলন জয়লাভ করলে এরপর থেকে বিষ্ঠা নিয়ে জামায়াত ও বিএনপি’র মাঝে প্রকাশ্যে দ্বন্দ্ব চলছে। মুরগির বিষ্ঠা দখলে নিতে মরিয়া হয় জামায়াতের নেতাকর্মীরা। সমপ্রতি সংসদ সদস্য মিলন কোম্পানির বিষ্ঠার জন্য ম্যানেজার সাদিকুর রহমানকে ফোন করেন। এসব ঘটনার জেরে গত মঙ্গলবার রাত ১১টার দিকে যাত্রীবাহী ২ বাস, মাহিন্দ্রা, সিএনজি নিয়ে নিয়ে অন্তত দুই শতাধিক জামায়াত নেতাকর্মী নিয়ে সিপি বাংলাদেশ কোম্পানিতে যায়। সেখানে তারা ম্যানেজারের সঙ্গে অসদাচরণ করে দুই ট্রাক মুরগির বিষ্ঠা নিয়ে যায়। এরপর কাহালগাঁও বাজারে ঢুকে প্রথম ককটেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে। পরে অস্ত্র উঁচিয়ে ও গুলি চালাতে চালাতে বাজারে ঢুকে। হামলার ভিডিও বিভিন্ন সিসি ক্যামেরায় ধরা পড়ে।

এ সময় জামায়াত নেতাকর্মীরা রাম দা, আগ্নেয়াস্ত্র নিয়ে বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে লুটপাট করে, ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকের তালা ভেঙে ৫ লাখ টাকা লুট করে, শ্রমিক দল নেতা কাইয়ুম তালুকদারের প্রাইভেটকার, বাজারে থাকা ১১ মোটরসাইকেল ভাঙচুর ও ৫ মোটরসাইকেল লুট করে। এছাড়াও বাজারে আসা অন্তত ২০ জনের কাছ থেকে টাকা ও মালামাল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। ঘটনার পরদিন বুধবার জামায়াত ও শিবিরের ৪৮ জনের নামে এবং অজ্ঞাত আরও ২০০ জনের বিরুদ্ধে মামলা করেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম তালুকদার। মামলার পর জামায়াতের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এর মধ্যে চারজনকে আদালতে তোলা হলে বিচারক একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন