ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় বন্দি থাকা বাউল শিল্পী আবুল সরকার গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন। সোমবার সকাল ১১টা ২০ মিনিটে তিনি কারাগার থেকে বের হন। পরে সাদা রংয়ের একটি হাইচ গাড়িতে করে পরিবারের সদস্যের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তবে বাউল শিল্পী শারীরিকভাবে অসুস্থ থাকায় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান- জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই শেষে আর কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেয়া হয়। এর আগে গেল ৫ই এপ্রিল ধর্ম অবমাননা ও কটূক্তির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউল শিল্পী আবুল সরকার জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের অন্তর্বর্তীকালীন এ জামিন দেন।
