নাটোরের গুরুদাসপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। সোমবার নাটোর জেলা দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিক এক প্রেসবিজ্ঞপ্তিতে ওই তথ্য জানা গেছে। জানা যায়, ছাত্রদল নেতা মাসুদ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন। নিজের অবস্থান জানান দিতেই গুরুদাসপুর সরকারি পাইলট মাঠ থেকে এই মহড়াটি বের হয়। প্রায় ৪০০ নেতাকর্মী নিয়ে মহড়াটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
কিন্তু উপজেলা নির্বাচন নিয়ে কোনো ঘোষণা না থাকলেও রোববার বিকালে অর্ধশতাধিক মাইক্রোবাস নিয়ে ওই ছাত্রদল নেতা মহড়া দেন। এদিকে ছাত্রদল নেতার মহড়াকে ঘিরে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় বইছে। এরই প্রেক্ষিতে তাকে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। এ ব্যাপারে অব্যাহতি পাওয়া মাসুদ বলেন- তাকে শুধু সাংগঠনিক পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
