মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি

ফেনীতে চিফ জুডিশিয়াল ভবন নির্মাণে আল্টিমেটাম

ফন্ট সাইজ:

ফেনী জেলা চিফ জুডিশিয়াল ভবন নির্মাণে তিন মাসের আল্টিমেটাম দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা আইনজীবী সমিতির আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা এ আল্টিমেটাম দেন। ফেনী জেলা আইনজীবী সমিতির সভাপতি ফরিদ উদ্দিন খান নয়নের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আগামী তিন মাসের মধ্যে ফেনীতে জেলা চিফ জুডিশিয়াল ভবন নির্মাণে কার্যকরী প্রদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান।

আইনজীবী সমিতির সভাপতি জানান- ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে চিফ জুডিশিয়াল ভবন নির্মাণের জন্য সরকার জায়গা অধিগ্রহণ করে। এরপর নানা অজুুহাতে এখনও তার বাস্তবায়ন হয়নি। ভবনের অভাবে একই কক্ষে পর্যায়ক্রমে একাধিক আদালত পরিচালনা করছেন বিচারকরা। এ কারণে অফিস সময়ের পরও বিচারক, আইনজীবী ও বিচারপ্রার্থীরা অপেক্ষমাণ থাকতে হচ্ছে। যার ফলে আইনজীবীরা আদালত সময়ের পর নিজস্ব চেম্বারে বসার সুযোগ পান না।

নয়ন লিখিত বক্তব্যে জানান- ফেনীর আদালতে বর্তমানে ৫শ’র বেশি আইনজীবী ও ৪শ’র মতো আইনজীবী সহকারী আছেন। এছাড়া বিচারপ্রার্থীসহ প্রতিদিন ২০ হাজার মানুষ আদালত এলাকায় অবস্থান করেন। স্থান সংকুলানের কারণে এ সব মানুষ আদালতের বাহিরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। দাবি পূরণে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা আগামী তিন মাসের মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দেন। একইভাবে ফেনীতে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়।

আইনজীবী সমিতির অডিটর হুমায়ুন কবির বাদলের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-ফেনী আদালতের পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাবেক সভাপতি সফিকুজ্জামান রফিক, নুরুল আমিন খান, নুর হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী, মীর মোশাররফ হোসেন মানিক ও ইসলামিক ল’ ইয়ার্স কাউন্সিলের জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুল হক ভুট্টু। কর্মসূচি শেষে জেলা ও দায়রা জজ এবং জেলা প্রশাসকের কাছে দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করা হয়।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন