হাঙ্গেরির সাধারণ নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়েছেন ট্রাম্প-পুতিনের ঘনিষ্ট বন্ধু ভিক্টর অরবান। ভিক্টরের সাবেক অনুগত সহকর্মী পিটার ম্যাজায়ারের নেতৃত্বে তিসজে পার্টি অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটাতে সক্ষম হলেন। তিসজে পার্টি ১৯৯ টি আসনের মাঝে ১৩৭টি আসনে জয় লাভ করেছে। এই সংখ্যা একক সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অনেক বেশি। অপরদিকে ক্ষমতাসীন ফিদেজ পার্টি মাত্র ৫৫ টি আসন নিয়ে শোচনীয় পরাজয় বরণ করে। এই নির্বাচনে রেকর্ড ৭৭ ভাগ ভোটার ভোট দিয়েছে। সোভিয়েত ইউনিয়ন পতনের পর এটা সর্বোচ্চ ভোটের হার। ভিক্টর অরবান ১৬ বছর ধরে হাঙ্গেরির ক্ষমতায়। বিশ্বব্যাপী পপুলিস্ট মুভমেন্টকে জনপ্রিয় করা এই শাসক পরাজয়ের ফলে নিজদেশের জনগণকে তুষ্ট করতে ব্যর্থ হলেন। ভিক্টর অরবান মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট এগেইন (মাগা) ভাবাদর্শের বড় সমর্থক।
তার নেতৃত্বে মধ্য ইউরোপে ডানপন্থীদের উত্থান হয়। জাতীয়তাবাদকে নতুন করে যেসকল শাসক জনপ্রিয় করতে চাইছে ভিক্টর তাদের মধ্যমণি। ফলাফল ঘোষণা শুরু হলে নির্বাচনে পরাজয় মেনে নিয়ে তিনি প্রতিপক্ষকে স্বাগতম জানিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের শাসন করার দায়িত্ব এবং সুযোগ দেয়া হয়নি। কিন্তু আমরা হাল ছাড়ছি না। কখনো না। অন্যদিকে দানিয়াব নদীর তীরে পিটার ম্যাজায়ার উৎসবরত সমর্থকদের মাঝে বক্তব্য রাখেন। তিনি বলেন, আমরা হাঙ্গেরিকে স্বাধীন করেছি। আমরা আমাদের দেশকে ফিরে পেয়েছি। এই নির্বাচনে বিশেষ চোখ ছিলো ট্রাম্প প্রশাসন এবং ক্রেমলিনের। অরবানকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সমর্থন ছিলো আরও প্রকটভাবে দৃশ্যমান। পিটার মাজ্যায়েরের এই জয় ইউরোপে বড় প্রভাব ফেলবে। ইউক্রেনের পক্ষে অবস্থান নিতে পারেন তিনি। যেখানে অরবান ছিলেন ক্রাইমিয়ার বিপক্ষে। ১৬ বছরের শাসনামলে ভিক্টর বিচার বিভাগ থেকে শুরু করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানে নিজের লোক প্রবেশ করান এবং প্রভাব বিস্তার করেন। কোনকিছুই তার পরাজয়কে আটকাতে পারেনি। দুর্নীতি এবং অনাচারের বিরুদ্ধে জনগণ তাদের রায় জানিয়ে দিলেন এই নির্বাচনে।
নবনির্বাচিত পিটার ম্যাজায়ারকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটরা উল্লাস প্রকাশ করেছেন অরবানের পরাজয়ে। তারা এই পরাজয়কে আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নিরর্বাচনে রিপাবলিকিয়ানদের ভবিষ্যত হিসেবে চিত্রিত করেছেন। সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার বলেন, সতর্ক হও ডনাল্ড ট্রাম্প। স্বৈরাচারীরা বিতারিত হচ্ছে।
