সোনারগাঁয়ে ধর্ষণের অভিযোগে যুবদল নেতাসহ গ্রেপ্তার-২

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে যুবদলের এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবাব রাতে উপজেলার জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযানের মাধ্যমে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শহীদ মিয়া (৪০) এবং একই এলাকার শাহিন মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তার স্বামী ও সন্তানদের নিয়ে জামপুর ইউনিয়নের সিরাব এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

মামলার এজাহার অনুযায়ী, গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি রান্নাঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত শহীদ মিয়াসহ কয়েকজন তার মুখ চেপে ধরে সন্তানদের ক্ষতির ভয় দেখিয়ে পাশের একটি চারতলা ভবনের নিচতলার একটি কক্ষে নিয়ে যায় এবং সেখানে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে।

ঘটনার পর শুক্রবার সকালে ভুক্তভোগী নারী সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সিরাব এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করে।

গতকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগীকে চিকিৎসা ও ফরেনসিক পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন