ইসলামাবাদে ম্যারাথন বৈঠক চলছে যুক্তরাষ্ট্র, ইরানের। পাকিস্তানের মধ্যস্থতায় এই শান্তি আলোচনা প্রথম দফায় প্রায় দুই ঘন্টা স্থায়ী হয়। এরপর নৈশভোজের পর আবার আলোচনা শুরু হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। রিপোর্টে বলা হয়েছে, কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে অগ্রগতি হয়েছে।
এসব ইস্যুর মধ্যে রয়েছে লেবাননে ইসরাইলি হামলা, ইরানের জন্য জরুরি বিদেশে জব্দকৃত সম্পদ মুক্ত করা, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিষয়ে একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন। পাকিস্তানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গণমাধ্যমে কথা না বলার নির্দেশ দেয়া হয়েছে, যাতে তারা আলোচনার ফলাফলের সঙ্গে সরাসরি জড়িত হিসেবে বিবেচিত না হন।
ওদিকে সিএনএন বলছে, আলোচনা রাতভর চলতে পারে। একটি পাকিস্তানি সূত্র সিএনএনকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের এই আলোচনা গভীর রাত পর্যন্ত চলতে পারে। এমনকি রবিবার পর্যন্ত গড়াতে পারে। এই আলোচনায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। সূত্রটি আরও জানান, বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির উপস্থিত রয়েছেন।
