শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ নেই: বিলাওয়াল

শান্তি প্রতিষ্ঠার কোনো বিকল্প পথ নেই: বিলাওয়াল

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি নিশ্চিত করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। ‘প্ল্যান বি নেই’ জানিয়ে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনায় শান্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। ইসলামাবাদে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘প্ল্যান বি’ বলে কোনো বিকল্প নেই। ‘প্ল্যান এ’ অর্থাৎ শান্তিই সফল হতে হবে আলোচনায়। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। একটি বৃটিশ সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বিলাওয়াল বলেন, এক মাসের প্রচেষ্টার পর একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। এই যুদ্ধের পরিণতি পুরো বিশ্বের জন্য ভয়াবহ হতে পারত। পাকিস্তানের উদ্যোগে আয়োজিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর।

এর ফলে ছয় সপ্তাহের সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে বিমান হামলা বন্ধ করে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল বলেন, এই সংঘাতে যেমন মানুষের প্রাণহানি হচ্ছে, তেমনি বৈশ্বিক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি জানান, আলোচনার ভিত্তি হিসেবে ইরানের ১০ দফা প্রস্তাব গ্রহণ করা হয়েছে, যদিও কিছু বিষয়ে এখনো মতপার্থক্য আছে। তিনি আরও বলেন, ইরানে বোমা হামলা এবং ওই অঞ্চলে পাল্টা সামরিক কার্যক্রম আপাতত বন্ধ হয়েছে। পাকিস্তান আশা করছে যে পারস্পরিক আস্থার ঘাটতি দূর করা সম্ভব হবে। নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন নিয়ে প্রশ্নের জবাবে বিলাওয়াল বলেন, তাদের প্রথম অগ্রাধিকার কোনো পুরস্কার নয়, বরং আঞ্চলিক স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন