টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ সিরিজের অন্তর্ভুক্তি

টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচ সিরিজের অন্তর্ভুক্তি

ফন্ট সাইজ:

পরিবর্তনের হাওয়া বইছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরবর্তী চক্রে। সামনের বার থেকে ‘ওয়ান-অফ টেস্ট’ অথবা এক ম্যাচের সিরিজগুলোও ডব্লিউটিসিতে অন্তর্ভুক্তির কথা ভাবছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আসন্ন বোর্ড সভায় এই বৈপ্লবিক প্রস্তাবটি উঠতে যাচ্ছে। মূলত, টুর্নামেন্টটি ১২ দলে উন্নীত করার লক্ষ্যেই এমন কিছু ভাবা হচ্ছে।

নিউজিল্যান্ডের সাবেক তারকা রজার টুজের নেতৃত্বাধীন একটি দল এই রূপরেখা তৈরি করেছে। ইএসপিএনক্রিকইনফো বলছে, জিম্বাবুয়ে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ডকে টেস্টে নিয়মিত করতেই এই উদ্যোগ। ২০১৯ থেকে ডব্লিউটিসি শুরু হলেও, এই তিন পূর্ণ সদস্য দল ব্রাত্যই রয়ে যায়। এখন তাদের অন্তর্ভুক্ত করে টুর্নামেন্টটিকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পরিকল্পনা চলছে। বর্তমান নিয়মানুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হতে হলে অন্তত দুই ম্যাচের সিরিজ হওয়া বাধ্যতামূলক। তবে বড় দলগুলোর জন্য ছোট দলগুলোর বিপক্ষে দীর্ঘ সিরিজ আয়োজন অনেক সময় আর্থিকভাবে লোকসান বয়ে আনে। সেই ‘আর্থিক বোঝা’ কমাতেই করতেই এক টেস্টের সিরিজের প্রস্তাব।
তবে এখানে চ্যালেঞ্জের দিকও রয়েছে। বোর্ড কর্তাদের সামনে এখন দু’টি বড় প্রশ্ন। এক, টেস্ট ক্রিকেটের চিরাচরিত আভিজাত্যে ‘এক ম্যাচের সিরিজ’ কতটা মানানসই, এবং দুই, জিম্বাবুয়ে বা আয়ারল্যান্ডের মতো দলগুলোর জন্য টানা দুই বছর টেস্ট ক্রিকেটের ব্যয়ভার বহন করা কতটা টেকসই হবে।

গত বছর রজার টুজকে একটি বিশেষ দলের প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়। তার নেতৃত্বাধীন কমিটিই ফ্র্যাঞ্চাইজি লীগের চাপে পিষ্ট আন্তর্জাতিক ক্রিকেটের সূচি সাজাতে এবং ডব্লিউটিসিকে ১২ দলে উন্নীত করার প্রস্তাব দিয়েছে। এর আগে ‘দুই স্তরের’ মডেল প্রত্যাখ্যাত হলেও, এবার এক ম্যাচের সিরিজ অন্তর্ভুক্তির ওপর জোর দেয়া হচ্ছে। মধ্যপ্রাচ্য সংকটে স্থগিত হওয়া আইসিসি সভায় চূড়ান্ত হবে আয়ারল্যান্ড, আফগানিস্তান ও জিম্বাবুয়ের ভাগ্য।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন